আ.লীগের 'বিদ্রোহী' একক প্রার্থী বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। তবে পৌরসভা দুটিতে একক প্রার্থী দিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি।
বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে রয়েছেন পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোজাফফর হোসেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক নিয়ে লড়বেন। পৌরসভাটিতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন পৌর বিএনপির নির্বাহী সদস্য ও বর্তমান মেয়র আবদুস শুকুর শেখ। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল আমীর।
মোজাফফর হোসেন বলেন, ‘আমাকে নির্বাচনের মাঠে অনেক আগেই নামিয়েছিলেন স্থানীয় সাংসদ আবদুর রহমান। পৌরসভার সব নেতা-কর্মী আমার সঙ্গে থাকলেও দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ জন্য আমি বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ে যাচ্ছি। আশা করি, পৌরবাসী আমাকেই মেয়র নির্বাচিত করবেন।’
কেন্দ্র থেকে ‘বিদ্রোহী’দের দল থেকে বহিষ্কার ঘোষণার বিষয়টি উল্লেখ করে শাহজাহান মীরদাহ বলেন, ‘দলীয় প্রতীক নৌকা নিয়ে আমি লড়ছি। দলের সব নেতা-কর্মীর মতো পৌরবাসীও আমার সঙ্গে আছেন।’
এদিকে জেলার নগরকান্দা পৌরসভা নির্বাচনেও বিএনপির একক মেয়র প্রার্থী থাকলেও আওয়ামী লীগের রয়েছে বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বিকুল। তবে মুরাদ হোসেন এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক নিয়ে লড়ছেন। পৌরসভাটিতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।
মুরাদ হোসেন বিকুল বলেন, ‘আমি দলের চাপে নতি স্বীকার করিনি। যদিও এখন আমি দলের কেউ না। কিন্তু দল আমাকে মনোনয়ন না দিলেও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকাবাসী সার্বক্ষণিক আমার সঙ্গে রয়েছেন। আশা করি, সুষ্ঠু নির্বাচন হলে জয় নিশ্চিত।’
আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন বলেন, ‘পৌরবাসীর ভালোবাসার ভিত্তিতেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করি, আমিই বিজয়ী হব।’
নগরকান্দা রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।