শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র মো. হুমায়ুন কবীর রুমান নির্বাচনী মাঠ ছাড়বেন না। তিনি গত বৃহস্পতিবারও গণসংযোগ করেছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়াকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে হুমায়ুন কবীর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় অধিকাংশ নেতা-কর্মী দলের সিদ্ধান্ত মেনে গোলাম মোহাম্মদ কিবরিয়ার পক্ষে নির্বাচনী প্রচারকাজে অংশ নিচ্ছেন। তবে পৌরসভার কয়েকজন নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবীরের পক্ষে কাজ করছেন। তবে এবারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর (হুমায়ুন কবীর) বিজয় লাভ এত সহজ হবে না বলে দলের অনেকেই মনে করেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, হুমায়ুন কবীর একজন কঠোর পরিশ্রমী নেতা। দলের সিদ্ধান্ত অমান্য করে তিনি নির্বাচন করলে দল তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এমনকি নির্বাচনের পরপর জেলা আওয়ামী লীগের যে কমিটি গঠিত হবে সেখানেও তিনি স্থান পাবেন না। তাই দলের সভানেত্রীর নির্দেশ মেনে তাঁর (হুমায়ুন কবীর) উচিত হবে মেয়র পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া।
দলের নির্দেশ মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কি না জানতে চাইলে হুমায়ুন কবীর দাবি করেন, দীর্ঘ পাঁচ বছর তিনি পৌর শহরের উন্নয়নের জন্য কাজ করেছেন। এমন অবস্থায় জনগণ তাঁকে পুনরায় মেয়র হিসেবে দেখতে চান। এ জন্য তিনি জেলা আওয়ামী লীগের সমর্থন কামনা করে তাঁকে (হুমায়ুন কবীর) মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতিনির্ধারণী কমিটির কাছে আবেদন করেছিলেন। কিন্তু দল তাঁর প্রতি অবিচার করেছে। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। যেহেতু ১৩ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, তাই আরও চিন্তাভাবনা এবং তাঁর সমর্থক নেতা-কর্মী ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।