আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থী মেয়র, দুই দলেই অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় দলের সমর্থন না পেয়ে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর জনপ্রিয়তায় আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী ও বিএনপির প্রার্থী রোমান পাটোয়ারী অস্বস্তিতে রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে অনেক বছর ধরে বিভক্তি রয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারীকে মেয়র পদে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এ মনোনয়ন বেলাল আহম্মেদ মেনে নেননি। এ নিয়ে দফায় দফায় বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ফলে দুই প্রার্থীই মাঠে রয়েছেন।
বেলাল আহম্মেদ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী গত ৩০ নভেম্বর উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী চূড়ান্তের জন্য রামগঞ্জে আসেন। কিন্তু তাঁরা বৈঠকের আগেই বেলা দুইটার দিকে আবুল খায়ের পাটোয়ারীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়ে দেন। বৈঠকটি ছিল লোক দেখানো। স্থানীয় সাংসদ লায়ন এম এ আউয়ালের বাসায় সবার সই নিয়ে ১৫ মিনিটের মধ্যে বৈঠকটি শেষ করে দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, বৈঠক করার পর মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়।
আবুল খায়ের পাটোয়ারী বলেন, ‘দল যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমাকে নির্বাচন করেছেন। মনোনয়নবঞ্চিতদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। দলের স্বার্থে সবাইকে কেন্দ্রের নির্দেশ অনুসারে কাজ করার অনুরোধ করছি।’
বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে, দল থেকে মেয়র পদে রোমান পাটোয়ারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলের একক প্রার্থী। কোনো বিদ্রোহী প্রার্থী নেই। পাঁচ বছর ধরে বেলাল আহম্মেদ পৌরসভার মেয়রের দায়িত্বে আছেন। এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ও জনসমর্থন রয়েছে। তিনি স্বতন্ত্র হিসেবে মেয়র নির্বাচন করায় বিএনপিও উদ্বিগ্ন।
তবে রোমান পাটোয়ারী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ভোটে জেতার আশা রাখি।’