আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর ছেলেকে অপহরণের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম কামরুজ্জামানের ছেলে আহসানুজ্জামানকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পোস্টার আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দুপুরে শহরের আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিকেলে কামরুজ্জামান রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। নীতিমালা অনুযায়ী এ ধরনের ঘটনার ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।
কামরুজ্জামান বলেন, ‘আমার জগ প্রতীকের পোস্টার টাঙানোর জন্য তিনজন কর্মী কলেজ-সংলগ্ন এলাকায় যান। সেখানে নৌকা প্রতীকের পক্ষের আট-দশজন গিয়ে অতর্কিতে ওই তিনজনকে মারধর করে ভ্যানের ওপর রাখা দেড় হাজার পোস্টার আগুনে পুড়িয়ে দেয়। এ সময় ভ্যানের কাছে মোটরসাইকেলে থাকা আমার ছেলে আহসানুজ্জামানকে অপহরণের চেষ্টা করা হয়। দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে সে রক্ষা পায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসিকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।’
তবে এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া নৌকা প্রতীকের অনুসারীরা এ ধরনের কাজ করবে না।’
এ ধরনের অভিযোগের ভেতরে নিশ্চয়ই অন্য কোনো রহস্য রয়েছে বলেও জহিরুল ইসলাম মন্তব্য করেন।