আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
ময়মনসিংহের নান্দাইল পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মো. আবদুছ ছাত্তার ভূঁঞা। গত বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা একাধিক মামলার আসামি হওয়ায় দল-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারছেন না বলে দলটির কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মেয়র পদে প্রার্থী হিসেবে দলের সাংগঠনিক সম্পাদক মো. আবদুছ ছাত্তার ভূঁঞার নাম দলের পক্ষ থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান নান্দাইল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিক উদ্দিন ভূঁইয়ার নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠান। তবে দলের মনোনয়ন পান রফিক উদ্দিন ভূঁইয়া। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্রই বৈধ হয়। গত বৃহস্পতিবার হঠাৎ করেই আবদুছ ছাত্তার ভূঁঞা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে রফিক উদ্দিন ভূঁইয়াই দলের একক প্রার্থী থাকেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, দলের ঊর্ধ্বতন নেতাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি (আবদুছ ছাত্তার) মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
দলের প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগ নেতাদের দেখা যাচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছরের ২০ নভেম্বর আমার বড় ভাই শ্রমিকনেতা আবুল মনসুর ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে মামলা করেন। পরে অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে কয়েকটি পাল্টা মামলা করেছেন। এমনকি গত ৩০ নভেম্বর বিএনপিদলীয় নান্দাইলের বর্তমান মেয়র এ এফ এম আজিজুল ইসলামকে গ্রেপ্তারের সময় তাঁর সমর্থকেরা যে প্রতিবাদ কর্মসূচি পালন করেন, সেই ঘটনায়ও তাঁর দলের ছয়জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ কারণে তাঁরা প্রচারণায় নামতে পারছেন না।