আ.লীগের 'বিদ্রোহী' মেয়র প্রার্থীর দল থেকে পদত্যাগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ফয়সাল কাদির উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলামের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাজনিত কারণে দলীয় কর্মকাণ্ড তাঁর পক্ষে চালানো কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফয়সাল দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তিনি মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে আবেদন করেন। কিন্তু মনোনয়নবঞ্চিত হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তাঁর মনোনয়ন বাতিল হয়। এরপর ৭ ডিসেম্বর আপিল আবেদন করেন। গত বৃহস্পতিবার আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর পরদিন তিনি পদত্যাগপত্র দেন।
এ বিষয়ে ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। যে কারণে দলীয় কর্মকাণ্ড আমার পক্ষে চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে পদত্যাগ করেছি। তবে দলের কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছি।’
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘পদত্যাগপত্রটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমার একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’