আ.লীগের 'বিদ্রোহী' সরেননি, এককাট্টা বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল কাইয়ুম নির্বাচনী মাঠ ছাড়ছেন না। এর ফলে দলটির স্থানীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে, বিএনপির প্রার্থী আশরাফ হোসেনের পক্ষে দলটির সবাই এককাট্টা হয়ে কাজ করছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে কামরুল ইসলাম চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। দলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আবদুল কাইয়ুম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় অধিকাংশ নেতা-কর্মী কামরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। তবে পৌর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আবদুল কাইয়ুমের পক্ষে কাজ করছেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থীর ব্যাপারে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। দল তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, দলের প্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেনকে জয়ী করতে সবাই এককাট্টা। এখানে আশরাফ ছাড়াও দল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল শিকদার ও উপজেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন মনোনয়ন চেয়েছিলেন। দল আশরাফকে মনোনয়ন দেয়। সেটা সবাই মেনে নিয়েছে।
বিএনপি নেতা দুলাল শিকদার বলেন, ‘দল যেহেতু মনে করেছে আশরাফ হোসেন যোগ্য প্রার্থী, তাই আমাদের করার কিছু নেই। দল অবশ্যই যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নিয়েছে। দলীয় প্রার্থীর পক্ষে আমরা সবাই এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এখন একটাই চিন্তা, কীভাবে ধানের শীষকে পাস করাব।’
নাম প্রকাশ না করার শর্তে পৌর আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, আবদুল কাইয়ুমকে মনোনয়ন না দেওয়ায় দলের নেতা-কর্মী ও ভোটাররা বিভক্ত হয়ে পড়েছেন। এখানে ভুল লোককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে নেতা-কর্মীদের অনেকে দলীয় প্রার্থীর সঙ্গে থাকবেন না। বর্তমান মেয়রকে চক্রান্ত করে মনোনয়নবঞ্চিত করা হয়েছে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক। সে কারণে যুবলীগের প্রায় সব নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন। তবে এবারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল কাইয়ুমের জয়লাভ করা আগের মতো সহজ হবে না।
আবদুল কাইয়ুম বলেন, পাঁচ বছর তিনি পৌরসভার উন্নয়নে কাজ করেছেন। জনগণ তাঁকে আবার মেয়র হিসেবে দেখতে চান। এ জন্য তিনি মনোনয়ন চেয়েছিলেন। দল তাঁর সঙ্গে অবিচার করেছে। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলের লোকজন আমার সঙ্গে আছে। ভোটে আমিই পাস করব।’