নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এক ‘বিদ্রোহী’ প্রার্থীকে ‘প্রাণনাশের হুমকি’ দেওয়া হচ্ছে। এ ঘটনায় গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওই ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ও তাঁর কর্মী-সমর্থকেরা দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী এম এ কায়সার চৌধুরীকে এ হুমকি দিচ্ছেন। এ ছাড়া তাঁর নির্বাচনী প্রচারণায়ও বাধা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া ইউপিতে আরও দুজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন বিএনপির মনোনীত মো. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ দেওয়ান কামরুল হাসান। এই ইউপিতে ১৩ হাজার ১১২ জন ভোটার রয়েছেন। ২৩ এপ্রিল মোহনগঞ্জ উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন হবে।
‘বিদ্রোহী’ প্রার্থী কায়সার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১০ এপ্রিল পশুখালী গ্রামে আমার কর্মী-সমর্থকেরা পোস্টার ও প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম ও তাঁর লোকজন নির্বাচনী প্রচারণা চালাতে ও পোস্টার লাগাতে বাধা দিয়েছেন। তাঁরা প্রকাশ্যে কোথাও পোস্টার লাগানো ও প্রচারণা চালাতে দিচ্ছেন না। নিরুপায় হয়ে আমার কর্মী-সমর্থকেরা রাতের বেলায় গোপনে পোস্টার লাগাচ্ছেন। নির্বাচন থেকে সরে না গেলে আমাকে প্রাণে মেরে ফেলা হবে বলে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমি এখন তাঁদের ভয়ে নিজ গ্রাম ছেড়ে অন্যত্র অবস্থান করছি।’
তবে পোস্টার লাগাতে না দেওয়ার এবং ওই প্রার্থীকে প্রাণে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামপ্রথম আলোকে বলেন, ‘আমার জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে ওই প্রার্থী ও তাঁর লোকজন এ ধরনের মিথ্যা অপবাদ রটাচ্ছেন।’
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকেবলেন, ‘আজ (গতকাল) আমার পিয়নকে দিয়ে অভিযোগটি মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠিয়ে দিয়েছি।’
তবে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে জানতে চাইলে ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, অভিযোগটি তিনি পাননি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।