আ.লীগের 'বিদ্রোহীরা' জোর প্রচারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আটটি পৌরসভার তিনটিতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন। দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাঁদের। কিন্তু এতে তাঁদের মনোবল ভাঙেনি; বরং তাঁরা পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিজয়ী হয়ে দলে ফেরার আশা ব্যক্ত করেছেন কেউ কেউ। তবে দল তাঁদের সমস্যা মনে করছে না।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভূঞাপুর পৌরসভায় দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম এবং ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চঞ্চল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজাহারুলের প্রতীক ‘জগ’। যাচাই-বাছাইয়ে তরিকুলের মনোনয়ন বাতিল হয়েছিল। পরে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখনো তাঁর প্রতীক বরাদ্দ হয়নি। ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, হাইকোর্টের আদেশের অনুলিপি তাঁদের হাতে এখনো পৌঁছায়নি। অনুলিপি পাওয়ার পরই তরিকুলের প্রতীক দেওয়া হবে।
গোপালপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন এবং কালিহাতী পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদ ‘নারকেলগাছ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিদ্রোহী এই চারজনকেই গত সোমবার আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা সবাই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি হাতে পেয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।
এই চার প্রার্থীর কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। তাঁরা বলেছেন, দলীয় নেতারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেননি। বিদ্রোহী প্রার্থী হলে বহিষ্কৃত হতে হবে—এটি জেনেই নির্বাচনে প্রার্থী হয়েছেন।
ভূঞাপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী আজাহারুল ইসলাম বলেন, ‘দল আমাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে। কিন্তু মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের নেতারা নিয়ম মানেননি। তাঁরা তূণমূলের মতামত না নিয়ে মনোনয়ন দিয়েছেন।’
ভূঞাপুর পৌরসভার অপর বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম বলেন, ‘দল থেকে বহিষ্কার করা হলেও আমার সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। নির্বাচন চালিয়ে যাব।’
বেলায়েত হোসেন গোপালপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী। তিনি বলেন, ‘দল সঠিক মনোনয়ন দেয়নি। নেতা-কর্মী এবং সাধারণ জনগণের চাপে প্রার্থী হয়েছি। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। বিজয়ী হলে তারা আবার বরণ করে নেবে।’
কালিহাতী পৌরসভার বিদ্রোহী প্রার্থী হুমায়ুন খালিদ বলেন, ‘দল বহিষ্কার করেছে; জনগণ তো বহিষ্কার করেনি। জনগণের প্রার্থী হিসেবেই এখন নির্বাচন চালাব।’
দলের মনোনয়ন পাওয়া ভূঞাপুর পৌরসভার বর্তমান মেয়র মাসুদুল হক, কালিহাতী পৌরসভায় বর্তমান মেয়র আনছার আলী এবং গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা মনে করেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বহিষ্কার করা হয়েছে। তাঁদের পেছনে দলের নেতা-কর্মীরা নেই। দলের সমর্থকেরা দলীয় প্রতীক দেখেই ভোট দেবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, বহিষ্কৃত ব্যক্তিরা ভোটের ওপর কোনো প্রভাব ফেলতে পারবেন না। নেতা-কর্মীরা দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।