আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খানকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজাদ খানের দাবি, আওয়ামী লীগ-মনোনীত প্রার্থীর সমর্থকেরা ও পুলিশ তাঁকে নির্বাচনে হারাতে হয়রানি করছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আজাদ খান বলেন, নির্বাচনে প্রচার কার্যক্রম শুরুর পর থেকে তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই হয়রানি আরও বেড়েছে। বহিরাগত লোকজন এসে তাঁর বাড়ির চারপাশ পাহারা দিচ্ছে। তিনি কোথাও ভোট চাইতে গেলে লোকজন তাঁর পিছু নিচ্ছে। ফলে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না।
আজাদ খানের দাবি, আওয়ামী লীগ-মনোনীত প্রার্থীর সমর্থকদের পাশাপাশি পুলিশও তাঁর কর্মীদের হয়রানিতে লিপ্ত হয়েছে।
পাবনার ফরিদপুর থানার ওসি আবু জাফরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে। ভাঙ্গুড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ওই প্রার্থী এ পর্যন্ত আমাদের কাছে হয়রানির লিখিত কোনো অভিযোগ দেননি। আজ (মঙ্গলবার) সকালে ফোন দিয়ে তাঁর কর্মীদের হয়রানি করার কথা বলেছিলেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের পাঠানো হয়েছে।’