সোনারগাঁয়ে আহত ১৫, অতিরিক্ত পুলিশ মোতায়েন
আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের বাড়িতে তাণ্ডব
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থক প্রার্থীর লোকজন গতকাল সোমবার উপজেলার প্রতাবনগর এলাকায় ওই ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানিয়েছেন।
হামলার ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বোমা হামলা চালাতে গিয়ে আহত হওয়া একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলীয় লোকজন জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন। অন্য পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। গতবারের মতো এবারও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফকে সমর্থন দেয় আওয়ামী লীগ। এবারও বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহফুজুর রহমান। ৩১ মার্চ এখানে নির্বাচন হবে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি ও পুলিশ সদস্যরা জানান, মোশারফ তাঁর সমর্থকদের নিয়ে গতকাল উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় গণসংযোগ করেন। ফেরার সময় তাঁর পেছনে থাকা গাড়িবহর থেকে নেমে পড়েন আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক কর্মী। তাঁরা রামদা, হকিস্টিক, বোমাসহ দেশি-বিদেশি অস্ত্র নিয়ে মাহফুজুরের সমর্থক স্থানীয় পিরোজপুর ইউনিয়নের প্রতাবনগর এলাকার সাবেক ইউপি সদস্য আলী আকবরের বাড়ির দিকে বোমা ফাটাতে ফাটাতে এগিয়ে যান। এ সময় ওই বাড়িতে আলী আকবরের স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র ভোজের অনুষ্ঠান চলছিল। বোমার শব্দে অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। মোশারফের লোকজন আলী আকবরকে মারধর করে তাঁর বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। আলী আকবরের ব্যক্তিগত গাড়িসহ অনুষ্ঠানে অংশ নেওয়া মাহফুজুরের সমর্থকদের আটটি মোটরসাইকেল গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এরপর মোশারফের লোকজন মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকার নিউ টাউনে এসে মাহফুজুরের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মার্কেটের নিচে পার্কিং করা প্রিমিয়ার ব্যাংকের একটি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়। ঘটনার আধা ঘণ্টা পর দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান।
আহত আলী আকবর অভিযোগ করেন, ‘মোশারফ হোসেনের পক্ষে নির্বাচন না করায় তাঁর সমর্থক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে যুবলীগের কর্মী সাহিদ হোসেন, কামাল হোসেন, মিন্টু মিয়াসহ শতাধিক ক্যাডার হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় আমাদের ২০টি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
যুবলীগের নেতা মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়িঘরেও হামলা ও ভাঙচুর করেছে বলে তিনি দাবি করেন।
প্রার্থী মাহফুজ বলেন, ‘উপজেলা নির্বাচন বানচাল করতে মোশারফ হোসেনের নির্দেশে আমার সমর্থকদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।’
মোশারফ হোসেন বলেছেন, হামলার সঙ্গে তিনি জড়িত নন।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার জানান, বোমা হামলা করতে গিয়ে আহত হওয়া মিন্টু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।