
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলটির ৯ জন নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। তাঁরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কুমিল্লা-২-এ দুজন, ৩-এ ছয়জন ও ৪-এ একজন রয়েছেন।
ওই তিন আসনে যথাক্রমে উত্তর জেলা আওয়ামী লীগের সহসম্পাদক সেলিমা আহমাদ, একই কমিটির সদস্য ও স্বতন্ত্র সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন এবং একই কমিটির সদস্য ও স্বতন্ত্র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল দলীয় মনোনয়ন পেয়েছেন।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার বলেন, ‘বিদ্রোহীদের ব্যাপারে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমরা দেখা করব। তিনি বলেছিলেন, বিদ্রোহীরা আজীবনের জন্য বহিষ্কৃত হবেন। সেটা ঠিক থাকলে এক কথা, না থাকলে দল অন্য সিদ্ধান্ত নেবে।’
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মজিদ। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিদ্রোহী হয়েছেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল আলম, তাঁর বাবা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম ও বাঙ্গুরা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ নজরুল। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ।
এ বিষয়ে কথা বলার জন্য জাহাঙ্গীর আলম সরকারের মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার রাতে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সৈয়দ ফয়সল বলেন, ‘নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম শনিবার (আগামীকাল) সভা ডেকেছেন। আমাদের দৃঢ়বিশ্বাস, নেত্রী জাহাঙ্গীর ভাইকে শেষ সময়ে হলেও মনোনয়ন দেবেন।’
জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় নিজে প্রার্থী হয়েছি। অন্যরা ত্যাগ স্বীকার করে মনোনয়ন না পেয়ে প্রার্থী হয়েছেন বলে আমার ধারণা।’