আ.লীগের 'বিদ্রোহ' কাজে লাগাতে মরিয়া বিএনপি
ময়মনসিংহের তিনটি পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী থাকায় কিছুটা বিপাকে রয়েছে দলটি। এই সুযোগ কাজে লাগিয়ে অভ্যন্তরীণ কোন্দল ভুলে ওই তিন পৌরসভায় জয় পেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি।
বিএনপি, আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল ইসলাম। এখানকার বর্তমান মেয়র এ বি এম আনিছুজ্জামান দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী। তিনিও নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে প্রচারণা চালাচ্ছেন। ত্রিশালে আওয়ামী লীগের এই ‘দুর্বলতাকে’ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। দলীয় ভোট শতভাগ নিশ্চিত করতে চাইছে বিএনপি। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি করে যাচ্ছে। জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ বেশ কয়েকজন নেতা আমিনুলের পক্ষে ভোট চাইছেন। আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, বিদ্রোহী প্রার্থী নিয়ে তিনি বিব্রত নন। জয়ের লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ত্রিশাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত একজন প্রার্থী থাকায় আমাদের যে খুব সুবিধা হবে তা নয়। এমনিতেই এ পৌরসভায় আমাদের অবস্থা ভালো।’
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফিকুল ইসলাম। দলের কেউ কেউ গোপনে শফিকুলের পক্ষে কাজ করেছেন। আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের ভোটের মাঠ খুব খারাপ না হলেও ‘বিদ্রোহী’ নিয়ে দলটি কিছুটা দুশ্চিন্তায় আছে। এই সুযোগে বিএনপির একক প্রার্থী সুজিত কুমার দাসকে জয়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে দলটি। নির্বাচনের শুরুতে নেতা-কর্মীদের সমন্বয়হীনতা থাকলেও এখন তারা তা গুছিয়ে নিয়েছে। এখানে বিএনপির দুটি পক্ষ থাকলেও নির্বাচনে জয় পেতে সবাই সুজিত কুমারের পক্ষে কাজ করছে।
বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় সূত্র আরও জানায়, ফুলপুরে পৌরসভায় বিএনপির একক প্রার্থী আমিনুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের প্রার্থী শশধর সেন। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হিসেবে শক্তিশালী অবস্থানে আছেন বর্তমান মেয়র মো. শাজাহান। এই সুযোগ কাজে লাগিয়ে জয় পেতে চান বিএনপির প্রার্থী আমিনুল হক।
ফুলপুর ও গৌরীপুর জেলা উত্তর বিএনপির অধীন। উত্তর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘পৌর নির্বাচনে গৌরীপুরে বিএনপি এখন অনেক সংগঠিত। একক প্রার্থীর সুবিধা কাজে লাগাতে পারবে। তবে ফুলপুরে বিএনপির মেয়র প্রার্থীকে নিয়ে সাবেক সাংসদ শাহ শহীদ সরোয়ারের কিছুটা একগুঁয়েমির কারণে আমরা সুবিধাটা পুরোপুরি নিতে পারছি না। তবে দলীয় প্রার্থীকে জয়ী করতে আমরা আন্তরিক।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি মজিবুর রহমান খান বলেন, ‘মনোনীত প্রার্থীর বাইরে বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা বিড়ম্বনা তো আছেই। তবে আমরা সেসব প্রতিকূলতা জয় করতে মাঠে সক্রিয় আছি। আওয়ামী লীগের সমর্থকেরা নৌকা প্রতীকেই ভোট দেবেন।’