আ.লীগের 'সমাবেশ ঘিরে রাখে শাহীন চাকলাদারের লোকেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণহত্যা দিবস উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল শনিবার পৃথক সমাবেশ করেছে। এক পক্ষের নেতা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলছেন, তাঁদের কর্মসূচিতে আমন্ত্রণ জানালেও জেলা সভাপতি শহিদুল ইসলাম আসেননি। তবে শহিদুলের ভাষ্য, শাহীনের লোকজন সমাবেশ ঘিরে রাখে বলে তিনি সেখানে যাননি।
যশোর জেলা আওয়ামী লীগের ব্যানারে গতকাল বিকেল চারটায় শহরের উকিল বার মোড়ে পথসভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (মিলন)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ কাজী নাবিল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কামরুজ্জামান, শ্রমবিষয়ক সম্পাদক আবদুস সবুর (হেলাল), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ প্রমুখ।
একই ব্যানারে শহরের দড়াটানা মোড়ে সাড়ে চারটায় সমাবেশ শুরু হয়। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খয়রাত হোসেন।
একই দলের ব্যানারে পৃথক সমাবেশ কেন, জানতে চাইলে শাহীন চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘জেলা ও উপজেলা পর্যায়ে গণহত্যা দিবস পালনের জন্য কেন্দ্র থেকে চিঠি এসেছে। জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলামকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাঁকে দড়াটানার সমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। কিন্তু তিনি সেখানে না গিয়ে স্থানীয় সাংসদ নাবিল আহমেদকে নিয়ে আলাদা সমাবেশ করলেন। কাউকে ডাকলেও যদি না আসেন, তাহলে আমার কী করার আছে?’
তবে দলীয় সূত্র বলছে, গতকালের ঘটনা দুই পক্ষের মধ্যে রেষারেষির ধারাবাহিকতা মাত্র। কারণ স্থানীয় সাংসদ কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নেতৃত্বে নেতা-কর্মীরা অনেক আগে থেকেই দুই ভাগে বিভক্ত। এর আগেও পক্ষ দুটি দলীয় বিভিন্ন কর্মসূচি আলাদাভাবে পালন করেছে।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শাহীন চাকলাদারের সমাবেশে গিয়ে কী করব। শাহীনের লোকজন সমাবেশ ঘিরে রাখে। আমাকে কথা বলার সুযোগ দেয় না। আমার নামটা পর্যন্তও মাইকে ঘোষণা করা হয় না। ওখানে গিয়ে আমার মর্যাদা থাকে না। এ জন্য উকিল বার মোড়ে আলাদাভাবে পথসভা করেছি।’