আ.লীগেরসহ দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান এবং ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারীর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কর্মীরা সাতটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ ও বাজারের কমপক্ষে ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ২ ঘণ্টা ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ চৌদ্দগ্রাম বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জন্য উভয় প্রার্থী পরস্পরকে দায়ী করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘ইমাম হোসেনের অনুসারীরা আমাদের প্রচারকাজে বাধা দিয়েছে।’ তবে ইমাম হোসেন দাবি করেন, তাঁর মিছিলে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীরা হামলা করেন।
সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ছাত্রলীগের কর্মী খালেদ হোসেন (২২) ও শিশু আবদুল হান্নান (১২)। তাঁদের ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে জামায়াত-শিবির ঢুকে ওই তাণ্ডব চালিয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রলবোমা নিক্ষেপ ও পটকা ফোটানো হয়েছে। কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী চৌদ্দগ্রাম বাজারের অন্তত তিনজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল চৌদ্দগ্রাম বাজারে মিজানুর রহমানের পক্ষে গণসংযোগ করতে আসেন আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন। বিকেল চারটায় তাঁরা মিছিল নিয়ে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদের সামনে দিয়ে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক দিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী ইমাম হোসেনের নেতৃত্বে একটি মিছিল চৌদ্দগ্রাম বাজারে ঢোকে। এ সময় ইমাম হোসেনের মিছিল থেকে ‘ধর ধর করে’ স্লোগান দেওয়া হয়। তখন দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইমাম হোসেনের অনুসারীরা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং একটি মাইক্রোবাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের সময় অর্ধশতাধিক গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে ১০০টির মতো ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষের একপর্যায়ে চৌদ্দগ্রাম বাজারের অন্তত ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় ইমাম হোসেনের চাচা চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারীর মুদি দোকানও লুট হয়। একই সঙ্গে ভোজন বিলাস নামের দুটি মিষ্টির দোকান ভাঙচুর করা হয়।