আ.লীগেরসহ পাঁচ মেয়র প্রার্থীকে সতর্ক করতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের কারণে বরগুনা সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কামরুল আহসান মহারাজসহ বিভিন্ন পৌরসভার পাঁচ মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার কমিশন সচিবালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

অন্য যে চার প্রার্থীকে সতর্ক করতে বলা হয়েছে, তাঁরা হলেন বরগুনা সদর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র সাহাদাৎ হোসেন, কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সামসুজ্জামান অরুণ, নরসিংদীর মাধবদীতে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইলিয়াস ও রাজশাহীর তাহেরপুরে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ।

কমিশন সচিবালয়ের সিনিয়র উপসচিব কাজী রকিব উদ্দীন মণ্ডল এ-সংক্রান্ত চিঠিতে সই করেন। এ ছাড়া বিভিন্ন পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়ে কমিশন গতকাল চট্টগ্রাম, কুষ্টিয়া ও বরিশালের পুলিশ সুপারকে চিঠি দিয়েছে।

শরীয়তপুরের বিএনপির চার প্রার্থীর অভিযোগ: শরীয়তপুর জেলার চারটি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীরা গতকাল নির্বাচন কমিশনে পৃথক অভিযোগ জমা দিয়েছেন। শরীয়তপুর পৌরসভার প্রার্থী এ কে এম নাসির উদ্দিন, জাজিরার প্রার্থী সিকদার মো. ইকবাল, ডামুড্যার প্রার্থী আলমগীর হোসেন ও নড়িয়ার প্রার্থী রেজাউর রহমান অভিযোগে বলেছেন, সরকারি দলের লোকজন তাঁদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। বলেছেন, ২৫ ডিসেম্বরের পর বিএনপির কোনো নেতা-কর্মী এলাকায় থাকতে পারবেন না।