সোনারগাঁর ১০ গ্রামের ১২ শ বিঘা ফসলি জমি ও কয়েক শ ঘরবাড়ি নদীতে বিলীন
আ.লীগ-জাপা চক্রের বালুসন্ত্রাস
এখন শুধু মেঘনা সেতু এলাকায় নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০ গ্রামজুড়ে অবৈধ বালু তোলা চলছে। এতে গ্রামগুলোর এক হাজার ২০০ বিঘা ফসলি জমি ও কয়েক শ ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একটি চক্র এর সঙ্গে জড়িত।
এদিকে বালু তোলার প্রতিবাদ করায় মিথ্যা মামলা ও হামলার ভয়ে পালিয়ে থাকতে হচ্ছে অনেক গ্রামবাসীকে। ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি যোগাযোগমন্ত্রীর মেঘনা সেতু এলাকা পরিদর্শনের পর গত রোববার এলাকাটিতে নজরদারি বাড়াতে উপজেলা প্রশাসন ১৩ জন ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ১০১ নেতা মিলে চক্র করে দুই বছর ধরে এ বালু তুলে চলেছেন। মেঘনা সেতুর পাশের স্থান ছাড়াও নদীতীরের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, ঝাউচর, ভুরবুডরিয়া, কান্দারগাঁও, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া, সোনাময়ী, মামলতপুর, বারদী ইউনিয়নের নুনেরটেক, গুচ্ছগ্রাম ও এরশাদনগরের নদীতীর থেকে বালু তোলা হচ্ছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও নুনেরটেক গ্রামের বাসিন্দা জিলানী মিয়া বলেন, বালুসন্ত্রাসীরা তাঁর গ্রামের আট শ বিঘা ফসলি জমির মাটি কেটে নিয়েছে। এভাবে মাটি কাটায় ৫০টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। তিনি দাবি করেন, অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে আন্দোলন করায় আওয়ামী লীগ নেতারা তাঁকেসহ গ্রামের ৪০ কৃষকের বিরুদ্ধে ১১টি মিথ্যা মামলা করেন। তাঁদের হামলা ও মামলার ভয়ে গ্রামের অনেক কৃষকের মতো তিনিও এলাকাছাড়া।
পিরোজপুরের ইউপি সদস্য ও ভাটিবন্দর গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, তাঁর এলাকায় অবৈধ বালু তোলার জন্য প্রায় পাঁচ শ বিঘা ফসলি জমি নদীতে গেছে। এতে নিঃস্ব হয়েছে ৭০টি পরিবার। এর বিরুদ্ধে কথা বলায় গ্রামের ২০ কৃষককে কুপিয়েছে সন্ত্রাসীরা। অথচ থানায় এ বিষয়ে মামলা নেয়নি।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, ‘১৩ জন ভূমি সহকারী কর্মকর্তা এখন পালাক্রমে পাহারা দিচ্ছেন। ফলে অবৈধ বালু উত্তোলন এখন কমেছে।’
কিন্তু গতকাল বৃহস্পতিবার নুনেরটেক গ্রামে গিয়ে দেখা যায়, অবৈধ বালু তোলা বন্ধ হয়নি। গ্রামবাসীর অভিযোগ, প্রশাসনের কর্মকর্তাদের আসার খবর শুনে তাঁরা (বালুসন্ত্রাসী) চলে যান। কর্মকর্তারা চলে যাওয়ার পর আবার শুরু হয় বালু তোলা।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, এ বছর মেঘনা নদীর ১০টি বালুমহাল (আয়তন ৪১৫ একর) ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় নেতারা চক্র করায় শুধু চর রমজান সোনা উল্লাহ-৬ বালুমহালটি মাত্র ১২ লাখ টাকায় ইজারা দেওয়া সম্ভব হয়। এর আগে ওই মহালটি ২৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, একটি মহালের ইজারা নিয়ে চক্রের সদস্যরা পুরো ১০টি মহাল থেকেই বালু তুলছে।
সোনা উল্লাহ-৬ ইজারা পান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাঈম ওরফে ইকবাল। ইকবাল বলেন, ‘আমার নামে বালুমহালের ইজারা হলেও আমি বালু তুলি না।’
জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, বালু তোলা ঠেকাতে ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গত ছয় মাসে অবৈধ উত্তোলনকারীদের ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন গত সপ্তাহে প্রথম আলোকে জানান, নদীতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশ মোতায়েন হয়নি।