আ.লীগ-বিএনপি শিক্ষার প্রাধান্যে বিশ্বাস করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, একটি জাতি গঠনে সর্বোচ্চ প্রাধান্য পাওয়া উচিত শিক্ষার। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি কেউই তা বিশ্বাস করে না। শিক্ষাক্ষেত্রে মেধাবী ও যোগ্যদের আনা উচিত সেটাও তারা মানে না।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে পাবলিক পরীক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এমাজউদ্দীন আহমদ এসব কথা বলেন। ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অযোগ্যদের বসানো হয়, এটা বন্ধ করতে হবে।
সেমিনারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার কোনো আওয়ামী ধারণা কিংবা জাতীয়তাবাদী চিন্তা নেই। নোংরা, নগ্ন অধঃপতন হয়েছে শিক্ষাব্যবস্থায়। এটি এক সরকারের আমলে হঠাৎ করে হয়েছে, এটা বলা যাবে না।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন, আকতার হোসেন খান, ওবায়দুল ইসলাম, সাবেক সাংসদ গোলাম মাওলা রনি এবং সংগঠনের নেতারা।