
সড়কের দুই পাশ ছেয়ে গেছে কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে। রিকশায় মাইক চড়িয়ে চলছে প্রচারণা। নির্বাচন নিয়ে চায়ের দোকানে জল্পনা। কাউন্সিলর পদে কে নির্বাচিত হবেন, তা নিয়ে তর্ক করছেন ভোটাররা। এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর সিটি করপোরেশন নির্বাচন হওয়ায় ‘ঈদ আনন্দ’ অনুভব করছেন ভোটাররা। ভোট চাইতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। জমে উঠেছে এলাকা।
সিটি করপোরেশনের এই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। রেডিও প্রতীক নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হয়েছেন মো. হুমায়ুন কবির। লাটিম নিয়ে বিএনপির প্রার্থী সাঈদ হোসেন ওরফে সোহেল। এ ছাড়া ঝুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন এম এ আকবর, ঘুড়ি নিয়ে মুজিবর রহমান খান, ঠেলাগাড়ি নিয়ে হাজি মাসুম আহমেদ ও ট্রাক্টর নিয়ে রয়েছেন হাজি আলমগীর।
নতুন পল্টন লাইন, নতুন পল্টন, আজিমপুরের একাংশ, পিলখানা রোড, হাজারীবাগ, লালবাগ রোড, নবাবগঞ্জ রোড, আবদুল আজিজ লেন, এম সি রায় লেন, ললিত মোহন দাস লেন নিয়ে গঠিত ২৩ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে মোট ভোটার ৩৩ হাজার ৪৪৯।
আজিমপুরের পিলখানা রোডে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন নিয়ে কথা হয় এলাকার বাসিন্দা আকবর আলীর সঙ্গে। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর কাউন্সিলর পাব, এটা ভাবতেই অনেক আনন্দ লাগছে।’ তিনি বলেন, এলাকার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেবেন ভোটাররা।

ললিত মোহন দাস লেনের বাসিন্দা হাজি আবদুল কাদের। তিনি বলেন, সারা দিনই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাসাবাড়িতে গিয়ে দোয়া ও ভোট চাইছেন তাঁরা। তাই মানুষের মধ্যে অনেকটা ‘ঈদ’ আনন্দ দেখা যাচ্ছে। তবে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেই হবে মূল লড়াই।
বেলা পৌনে দুইটার দিকে নবাবগঞ্জ বাজার, নবাবগঞ্জ খেলার মাঠ ও ললিত মোহন দাস লেন এলাকায় জনসংযোগ করেন হুমায়ুন কবির। এসব এলাকায় মিছিল করেন তাঁর সমর্থকেরা। মানুষের কাছে রেডিও প্রতীকে ভোট চান হুমায়ুন। পরে আড়াইটার দিকে হুমায়ুনের নির্বাচনী কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে। সাবেক এ কাউন্সিলর বলেন, ২০১১ সালের পর থেকে কাউন্সিলর না থাকায় এ নির্বাচন ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের মধ্যে। ভোটাররা ভাবছেন, এলাকার উন্নয়নে দরকার একজন যোগ্য কাউন্সিলর।
বেলা দুইটার দিকে ৩০ থেকে ৪০ জন সমর্থক নিয়ে আবদুল আজিজ লেনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী সাঈদ হোসেন। প্রচারণা শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা’ মামলা দিয়ে তাঁকে প্রায় তিন মাস জেলে রাখা হয়েছিল। গত শুক্রবার রাতে জামিন পেয়েই নেমেছেন নির্বাচনী প্রচারণায়। এলাকার রাস্তাঘাট মেরামত, জলাবদ্ধতা-বর্জ্য নিষ্কাশনের জন্য সুয়ারেজ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতিসহ বিভিন্ন উন্নয়নকাজে হাত দেবেন, যদি তিনি নির্বাচিত হন।
২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ সড়কটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। তাই রিকশাচালক নিজ আসন ছেড়ে রাস্তায় নেমে হেঁটে চলেছেন দুই যাত্রী নিয়ে। শক্ত হয়ে বসে আছেন যাত্রীরা। সড়কে উঠে রয়েছে ড্রেনের ময়লা পানি।
রিকশাচালক মো. রাসেল বলেন, ‘কী কমু মামা। এই সড়কে সিটে বইসা রিকশা চালাইতে নিজেরই ডর লাগে। তাই যাত্রীদের টেনে নিয়ে যাচ্ছি।’ রিকশায় থাকা যাত্রী আলমগীর বলেন, ‘এই পথে রিকশায় চড়ে শরীর ব্যথা হয়ে যায়।’
নবাবগঞ্জ রোডে দোকানি ফয়েজ আহমেদ বলেন, এই এলাকার শেখ বাজার থেকে সেকশন এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার সুয়ারেজের কাজ হয়েছে প্রায় দেড় মাস আগে। কিন্তু আজ পর্যন্তও রাস্তাটি মেরামত করা হয়নি। দোকানের মালামাল আনতে দ্বিগুণ গাড়ি ভাড়া দিতে হচ্ছে।
একই এলাকার দোকানি আবুল কাসেম বলেন, বাসাবাড়ির ময়লা পানিতেই এই অবস্থা। আর বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। এই দোকানের ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন আসলে ভোটের জন্য পায়ে ধরেন নেতারা। কিন্তু পাস করার পর তাঁদের আর দেখা যায় না। সবাই তখন সাহেব হয়ে যান।’