আ.লীগ-বিএনপিতে দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ করছেন। তাঁরা তৃণমূল থেকে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। তবে মজবুত সাংগঠনিক ভিত্তি থাকা সত্ত্বেও এ ক্ষেত্রে জামায়াতের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না।
দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মেয়র পদে প্রার্থিতা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় আছেন আওয়ামী লীগের চারজন ও বিএনপির পাঁচজন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আছেন বর্তমান মেয়র ও দলের সাবেক উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ, সাধারণ সম্পাদক তপন হায়দার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। অন্যদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মীর নাজমুল বারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী ও ছাত্রনেতা আশিক ইকবাল। এই মনোনয়নপ্রত্যাশীরা আগে থেকেই শহরজুড়ে বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুনে শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্য এরই মধ্যে তাঁরা নির্বাচনী আচরণবিধি মেনে সেসব বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুন অপসারণ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই দলের মনোনয়নপ্রত্যাশীরা এখন দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন। তাঁরা পৌর, উপজেলা জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সমর্থনের জন্য ছুটছেন। কেউ কেউ ইতিমধ্যে ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিয়ে এসেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার বলেন, ‘জেলা কমিটি দলীয় মনোনয়নের জন্য আমার ও আবদুল্লাহ আল-মাহমুদের নাম কেন্দ্রে পাঠিয়েছে। দুজনের মধ্যে দল যাঁকে মনোনয়ন দেবে, তিনিই হবেন দলীয় প্রার্থী।’ বর্তমান মেয়র মিরাজুল ইসলাম সম্পর্কে তপন হায়দার বলেন, দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
মিরাজুল ইসলাম বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব। আর আমাকে বহিষ্কারের যে কথা বলা হচ্ছে, তা বৈধ নয়।’
পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে তোতা বলেন, ‘দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে আমরা দরখাস্ত চেয়েছিলাম। এতে সিরাজুল ইসলাম ও মীর নাজমুল বারী মনোনয়ন পাওয়ার ব্যাপারে আবেদন করেছেন। তাঁদের দুজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। আর দলীয় নির্দেশ উপেক্ষা করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর নিজ এলাকা সাঁথিয়ায় জামায়াতের শক্তিশালী অবস্থান রয়েছে। গত তিনটি পৌর নির্বাচনেই জামায়াত-সমর্থিত প্রার্থী এখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে এবার তফসিল ঘোষণার পরও নির্বাচন ও প্রার্থী নিয়ে জামায়াতের তৎপরতা দেখা যাচ্ছে না। দলের কয়েকজন নেতা জানান, কয়েক দিন আগে রুকন সম্মেলন করে একজন প্রার্থীর নাম প্রস্তাব করা হলেও তিনি রাজি হননি।
উপজেলা জামায়াতের আমির আবদুল কদ্দুস বলেন, ‘আমরা আলোচনা করছি। প্রার্থী কে হবেন তা সোমবার (আজ) জানা যাবে।’