আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি
মনোনয়নপত্রজমা দেওয়ার শেষ সময় চলে এলেও টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে প্রধান দুই দল এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। যদিও দলীয় মনোনয়ন পেতে নেতাদের পেছনে এখনো সমানে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে নেতাদের কথা হচ্ছে, তৃণমূলের পছন্দ অনুযায়ীই মনোনয়ন দেওয়া হবে।
সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক কাজী বাদল এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা চাই, তৃণমূলের ভোটে যিনি জয়ী হবেন তাঁকেই যেন দলীয় মনোনয়ন দেওয়া হয়।’
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পেতে স্থানীয় সংসদ সদস্যের চাচা ও চাচাতো ভাইসহ ছয়জন দলীয় দপ্তরে আবেদন জমা দিয়েছেন। আর বিএনপির মনোনয়ন দৌড়ে আছেন তিনজন।
আওয়ামী লীগের প্রার্থিতার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁরা হলেন বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানের চাচা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল, সাংসদের চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী বাদল ও উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান।
মেয়র পদে ছয়জনের দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টি নিশ্চিত করে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, এঁদের মধ্যে কে মনোনয়ন পাবেন, তা এখনো ঠিক করা হয়নি।
মেয়র পদে বিএনপির মনোনয়নের জন্য আবেদন করেছেন সাবেক মেয়র সানোয়ার হোসেন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন ও সখীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়ায় এখনো প্রার্থী নির্বাচন সম্ভব হয়নি।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম বলেন, তাঁদের গতবারের প্রার্থী মীর জুলফিকার শামীমকে এবারও দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।