
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে প্রার্থী রয়েছেন চারজন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেন ও বিএনপির শাহ্ মোহাম্মদ আবু জাফরের মধ্যে। বর্তমানে এই দুই প্রার্থীর প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা।
প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন মনজুর হোসেন ও শাহজাফর। পাশাপাশি তাঁদের ছেলেমেয়েরাও মাঠে নেমে পড়েছেন। বাবার পক্ষে ভোট চাইতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
বিএনপির প্রার্থী শাহ্ জাফরের পক্ষে তাঁর বড় ছেলে শাহ্ মোহাম্মদ খুররম (৩৫) গতকাল রোববার আলফাডাঙ্গার বুড়াইচ, হেলেঞ্চা বাজার, বানাবাজার, বেড়িরহাট বাজার, ভেন্নাতলা বাজার ও আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেন। তিনি সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ রফিকুল হাসান, গোলাম রসুল ও মোহসিন আলম, ছাত্রদল নেতা আলামিন প্রমুখ।
শাহ্ মোহাম্মদ খুররম বলেন, ‘এই জনপদে আমার বাবা দীর্ঘকাল ধরে রাজনীতি ও মানুষের জন্য কাজ করে আসছেন। এ জন্য তাঁর পক্ষে যেখানেই ভোট চাইতে যাচ্ছি, সেখানেই নারী-পুরুষ, বিশেষ করে প্রবীণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি নির্বাচনে বাবার জয় হবে।’

আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেনের মেয়ে দিশা হোসেন ভোট ও দোয়া চাইছেন। তিনি গতকাল দিনভর বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া, চন্দনী, উমরনগর, হরিহরনগর ও দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া, কমলেশ্বরদী প্রভৃতি স্থানে বাবার পক্ষে গণসংযোগ করেন। দিশা একটি বেসরকারি বিদ্যালয়ের আইন বিষয়ে পড়ালেখা করছেন।
দিশা হোসেন বলেন, ‘এ আসনে নৌকা অত্যন্ত জনপ্রিয় প্রতীক। আমার বাবা এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে নৌকা প্রতীক ও সরকারের বিভিন্ন ইতিবাচক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে যেখানেই ভোটারদের কাছে গিয়েছি, সেখানেই তাঁদের ভালোবাসা ও সমর্থন পেয়েছি।’