আ.লীগ-বিএনপির সঙ্গে জাপার পাল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউপির নয়টিতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ইউপিতে বিএনপির প্রার্থী থাকলেও বেশির ভাগ জায়গায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে জাপার প্রার্থীদের।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল উপজেলার ১১ ইউপিতে ভোট হবে। উপজেলার সোহাগী, সরিষা, উচাখিলা, রাজিবপুর, জাটিয়া, আঠারবাড়ী, মাইজবাগ, মগটুলা ও বড়হিত ইউপিতে জাপার প্রার্থী রয়েছেন। এ ছাড়া ১১টি ইউপিতেই আওয়ামী লীগ ও বিএনপির নেতারা প্রার্থী হয়েছেন।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উচাখিলা, মগটুলা,  সোহাগী, মাইজবাগ, জাটিয়া ও বড়হিত ইউনিয়নে জাপার প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। স্থানীয় ব্যক্তিরা বলেন, উচাখিলায় জাপার প্রার্থী আনোয়ারুল হাসান খান ওরফে সেলিম ও আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলামের মধ্যে লড়াই হবে। এখানে জাপা ও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনের শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছে।

সোহাগী ইউপিতে জাপার প্রার্থী ও সাবেক চেয়ারম্যান কাদির আহমেদ ভুঁইয়ার সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানান স্থানীয় অনেকে। তবে বিএনপি বলছে, ভোট সুষ্ঠু হলে বিএনপির প্রার্থীর জয়ী হওয়ার সুযোগ রয়েছে।

এদিকে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, মগটুলা ইউপিতে জাপার প্রার্থী আবদুল হাদী সাবেক চেয়ারম্যান। দলীয় পরিচিতির পাশাপাশি ব্যক্তি হিসেবেও অনেকের কাছে তিনি গ্রহণযোগ্য। এ কারণে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। বড়হিত ইউপিতেও জাপার প্রার্থী আবদুল মোতালেব ভুঁইয়া সাবেক চেয়ারম্যান। এখানে আওয়ামী লীগের প্রার্থী শাহ জালাল, আওয়ামী লীগের বিদ্রোহী হেলাল উদ্দিন মণ্ডল ও মোতলেব ভুঁইয়ার মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস দিয়েছেন ভোটাররা। মাইজবাগ ও জাটিয়ায়ও জাপার প্রার্থীরা শক্তিশালী অবস্থানে রয়েছেন বলে কয়েকজন ভোটার জানান।

দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৮ আসনের জাপার সাংসদ ফখরুল ইমাম গত কয়েক বছরে জাতীয় পার্টিকে অনেকটা সংগঠিত করেছেন। এ কারণে ৯টি ইউপিতে জাপার প্রার্থী দেওয়া সম্ভব হয়েছে। ফখরুল ইমাম বলেন, ‘ভোট জনগণের সম্পদ। আশা করি, তাঁরা জাপাকে ভালোবেসে ভোট দেবেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম বলেন, জাপার প্রার্থীদের পক্ষে নব্য আওয়ামী লীগের তকমা গায়ে লাগানো একটি শক্তি কাজ করছে। কিছু কিছু ইউনিয়নে জাপা এবং ওই নব্য আওয়ামী শক্তি একজোট হওয়ায় তারা কিছুটা ভালো অবস্থানে। তবে আওয়ামী লীগের প্রার্থীরা কোনো ইউনিয়নেই পিছিয়ে নেই।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জাতীয় রাজনীতিতে বিএনপি বর্তমানে কোণঠাসা হওয়ায় কিছুটা প্রভাব ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পড়ছে। তবে ১১টি ইউপিতে দলীয় ভোট শতভাগ বা নব্বই ভাগ নিশ্চিত করতে পারলে ঈশ্বরগঞ্জে ভালো করার সুযোগ রয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ বলেন, এখানকার এমপি (সাংসদ) জাতীয় পার্টির হওয়ায় তাঁদের দল উজ্জীবিত। সংগত কারণে তাঁরা ভালো অবস্থানে আছেন। তবে সুষ্ঠু ভোট হলে পাঁচ-ছয়টি ইউনিয়নে বিএনপির ভালো করার সম্ভাবনা আছে।