আ.লীগ-যুবলীগের আরও তিনজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল রোববার আরও তিনজন আদালতে জবানবন্দী দিয়েছেন৷ তাঁরা হলেন: স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুর রউফ এবং যুবলীগ কর্মী জিয়াউল ইসলাম (বাপ্পি) ও জাহিদুল ইসলাম।
এদিকে এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বিকেলে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে আশরাফুল কবির (নয়ন) নামে যুবলীগের এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে।
গতকাল ফেনীর আমলী আদালতের বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে তিন আসামি জিয়াউল ইসলাম, জাহিদুল ইসলাম ও আবদুর রউফ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন৷
এঁদের মধ্যে জিয়াউল ইসলামকে (বাপ্পি) ফেনী থেকে পালানোর সময় দাগনভূঞা উপজেলার সিলোনীয়া এলাকা থেকে ২৭ মে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে একরাম হত্যায় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়। জাহিদুল ইসলামকে র৵াব কক্সবাজার থেকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে ২ মে রাতে শহরের বিরিঞ্চি এলাকা থেকে সজীব নামে এক তরুণকে গ্রেপ্তার করে৷ সজীবের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করে র্যাব৷ আর কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আবদুর রউফকে গ্রেপ্তার করা হয় হত্যাকারীদের পালাতে সহযোিগতা করার অভিযোগে৷
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরীসহ এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২১ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়৷ এ পর্যন্ত ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ বাকি ১১ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
ফুলগাজীতে আজ হরতাল
আওয়ামী লীগ নেতা একরামের খুিনদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার ফুলগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ।
একরামের সমর্থকেরা গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে৷ মিছিল থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির (আদেল), যুবলীগ কর্মী জিয়াউল আলম (মিস্টার) ও জেলা মহিলা আওয়ামী লীগ সম্পাদক লায়লা জেসমিনকে (বড় মনি) দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানানো হয়৷ এ ছাড়া ফুলগাজীর অধিবাসী ও ঢাকার ব্যবসায়ী শেখ আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানায়।