বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে গত শনিবার রাতে আটক মাদকসেবীদের ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হামলার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে রাত ১১টার দিকে এম এ তারেক হেলালের বাড়িতে অভিযান চালান। সেখান থেকে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লিপটন মাহমুদ (৪০), শাহিন আলম (৪০), আবদুল মান্নান (৩০) ও ইউনিয়ন যুবলীগের সদস্য জিয়ারুল ইসলাম (৩২), সুমন সরকার (৩২), শাহ আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার বাদী হয়ে গ্রেপ্তার ছয় নেতা-কর্মীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল রোববার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী এলাঙ্গী মাছবাজার এলাকায় মাদক সেবন করছিলেন। সেখান থেকে ধুনট থানার পুলিশ যুবলীগের রনজু (৩০), হানিফ (৩০) ও লাভলুকে (২৮) আটক করে। এ সময় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক হেলালসহ তাঁর দলের নেতা-কর্মীরা পুলিশকে মারধর করে মাদকসেবীদের ছিনিয়ে নেন। মারধরে এসআই ফারুক হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন আহত হন। তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার লাহা বলেন, তিন পুলিশ সদস্য অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তবে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল বলেন, ‘পুলিশ আমার বাসার পাশের বাজার এলাকা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় নেতা-কর্মীরা পুলিশের হাত থেকে তাঁদের ছিনতাই করে আমার বাসায় আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।’