আ.লীগ-যুবলীগের 'মাটিসন্ত্রাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের চারটি গ্রামের ফসলি জমির মাটি জোর কেটে নিচ্ছেন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকেরা৷ গত তিন মাসে তাঁরা প্রায় ২০০ কৃষকের ৫০০ বিঘা জমির মাটি লুট করে ফসলি জমিকে পুকুর বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
এতে ওই সব জমিতে আর ফসল ফলাতে পারবেন না কৃষকেরা৷ এমনকি মাছ চাষও করতে পারবেন না৷ মাটি কাটা বন্ধের দাবিতে কৃষকেরা গতকাল বৃহস্পতিবার দুপুরে আমবাগ গ্রামে বিক্ষোভ মিছিল করেন৷
কৃষকদের বিক্ষোভ মিছিলের খবর পেয়ে গতকাল জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামে গিয়ে দেখা যায়, এলোপাতাড়ি মাটি কাটায় ক্ষতবিক্ষত অবস্থা৷ কৃষকেরা ওই গ্রামসহ পাশের পাকুন্ডা, পেরাব কান্দাপাড়া ও কাহেনা গ্রাম ঘুরিয়ে দেখান৷ এর মধ্যে পাকুন্ডায় দুটি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল৷ মাটি কাটার ফলে চারটি গ্রামে অসংখ্য অপরিকল্পিত পুকুরের সৃষ্টি হয়েছে৷
পাকুন্ডার কৃষক আবদুল গনি ও আদম আলী, আমবাগের নিজাম মিয়া জানান, পাকুন্ডার যুবলীগ কর্মী সালাম সিকদার ও কবির হোসেন, আমবাগের যুবলীগ কর্মী কামাল হোসেন ও শরীফ হোসেন, পেরাব এলাকার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সগির মিয়া, দুদু মিয়া ও ফারুক হোসেন, কাহেনা এলাকার সায়েম মিয়া তাঁদের লোক দিয়ে এসব মাটি কাটছেন৷ এ জন্য তাঁরা কয়েকজন কৃষককে সামান্য টাকা দিয়েছেন৷ কিন্তু বেশির ভাগ কৃষকের জমি জোর করে ২০ থেকে ২৫ ফুট গভীর করে মাটি লুট করছে৷ এর প্রতিবাদ করায় ইতিমধ্যে ১৬ জন কৃষককে মারধর করা হয়েছে৷ ১৭ জন কৃষকের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে৷ হামলা-মামলার ভয়ে অনেক কৃষক এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন৷
সালাম শিকদার, সগির মিয়া ও শরীফ হোসেন দাবি করেন, কৃষকদের কাছ থেকে ফসলি জমির মাটি কিনেই তাঁরা কাটছেন৷ এরপর ট্রাকে ভরে ইটভাটায় বিক্রি করছেন৷ কোন কোন কৃষকের কাছ থেকে কত টাকা দিয়ে মাটি কিনেছেন জানতে চাইলে তাঁরা কোনো কথা বলতে চাননি৷
এ ছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এ ৫ ধারায় বলা আছে, ‘আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবেন না৷ ... স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত উপজেলা বা ইউনিয়ন বা গ্রামীণ সড়ক ব্যবহার করিয়া কোন ব্যক্তি ভারি যানবাহন দ্বারা ইট বা ইটের কাঁচামাল পরিবহন করিতে পারিবেন না৷’
আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকেরা ওই আইন লঙ্ঘন করেই প্রতিদিন চারটি গ্রাম থেকে দুই শতাধিক ট্রাকে মাটি ভরে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করে পরিবহন করছেন৷
যোগাযোগ করা হলে জামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ বলেন, ‘কৃষকদের ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটা বন্ধ করা না হলে কৃষকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে৷ ইতিমধ্যে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি৷’
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া জানান, যারা কৃষকদের ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত৷
ইউএনও মাহমুদ হাসান জানান, মাটি কেটে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷
সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, ‘কৃষকদের মাটি কাটার বিষয়টি শুনেছি৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’