সিটি করপোরেশন নির্বাচন: বিভিন্ন স্থানে মতভিন্নতা
আ.লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের খসড়া তালিকা
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের খসড়া তালিকা করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো। কয়েকটি কমিটি তাদের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। অন্য কমিটিগুলোও খুব দ্রুত জমা দেবে। প্রধানমন্ত্রী কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবেন।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী তালিকা চূড়ান্ত করার পর অন্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বলা হবে। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে একক কাউন্সিলর প্রার্থী ঠিক করা হবে। তবে কৌশলগত কারণে ৯ এপ্রিলের আগে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বলা হবে না বলে নেতারা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, কাউন্সিলর প্রার্থী সমর্থন করতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় সাংসদ ও কমিটির মধ্যে মতবিরোধ হয়েছে। তালিকা প্রস্তুতির সময় যে ওয়ার্ডের প্রার্থী সমর্থন নিয়ে সাংসদ বা কমিটির মতভিন্নতা আছে, তা লিখে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। কোথাও দুজন প্রার্থীর জন্য সুপারিশ করা হয়েছে। এসব ওয়ার্ডের ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
দলীয় নেতারা জানান, কমিটিগুলো প্রার্থী ঠিক করলেও শেষ পর্যন্ত প্রতি ওয়ার্ডে একক কাউন্সিলর রাখা যাবে কি না, তা নিয়ে তাঁরা সন্দিহান। গড়ে প্রতি ওয়ার্ডে ছয়-সাতজন করে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী হয়েছেন। কেউ কাউকে ছাড় দিতে চাইছেন না। তা ছাড়া প্রার্থী সমর্থন নিয়ে স্থানীয় সাংসদ ও কমিটির নেতাদের সঙ্গে মতবিরোধ হচ্ছে। অনেক প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আবার কেন্দ্র থেকে দিকনির্দেশনা আছে যে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাউন্সিলর পদে সমর্থন দেওয়া যাবে না।
ঢাকা মহানগরের ১৫টি আসনের জন্য ১৫টি কমিটি করা হয়েছে। এসব কমিটিকে কাউন্সিলর সমর্থন ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনের আহ্বায়ক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তালিকা করে প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি। যেসব ওয়ার্ডে মতভিন্নতা আছে তা-ও লিখে দিয়েছি।’
ঢাকা-১১ ও ১৭ আসনের কমিটির প্রধান মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে জানান, কাউন্সিলর সমর্থনের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।
ঢাকা-৪, ৫, ৮ ও ৯ আসনের কমিটির প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের বাইরে থাকলেও এসব ওয়ার্ডে প্রার্থীর খসড়া হয়ে গেছে।
ঢাকা-১০ ও ১৩ আসনে দায়িত্বপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ঢাকা-৬, ৭, ১২, ১৮ আসনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুনের নেতৃত্বাধীন কমিটিও দল-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর তালিকার খসড়া করেছে বলে জানা গেছে।