নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খাইরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে জামায়াত ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
গত রোববার আটপাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন ভোট জালিয়াতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল হক চৌধুরীকে দেড় বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
আটপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে থাকা কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, খাইরুল ইসলাম (দোয়াত-কলম) ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৫৭ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন ‘তালা’ প্রতীকে ১৬ হাজার ২৪ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী লিপি আক্তার ‘ফুটবল’ প্রতীকে ২১ হাজার ৪৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ভোট গণনা শেষে রানীগাঁও তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল হক চৌধুরী রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসে পৌঁছান।
ওই কেন্দ্রের ফলাফলের কাগজ ঘষামাজা করে এক প্রার্থীর ভোট বাড়ানোর ঘটনাটি ধরা পড়ে। এ কারণে ভোট জালিয়াতির দায়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রফিকুল ইসলাম প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলামকে কারাদণ্ড দিয়েছেন।