আ.লীগ-সমর্থিতরা বেশির ভাগ পদে বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিসহ আটটি পদে জিতেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। দুই সহসভাপতিসহ ছয়টি পদে জিতেছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাকের পার্টি-সমর্থিত প্রার্থী মো. নূরুল আলম। গত বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 
নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে সভাপতি হয়েছেন আবদুল কাদের মোল্লা। আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী অন্য প্রার্থীরা হলেন কাজী আবদুল জলিল, মো. আতিয়ার রহমান, প্রদীপ কুমার দাস ওরফে লক্ষ্মণ, অলোকেশ রায়, এস এম কায়সার রহমান, মো. নওয়াব আলী মৃধা ও মিরাজ উদ্দিন শরিফ।
বিএনপি-সমর্থিত নির্বাচিত প্রার্থীরা হলেন মো. নূরুল ইসলাম ওরফে নান্নু, এ কে এম মুন্সী আলী মোরশেদ, এ কে এম হাবিবুর রহমান, চৌধুরী জাহিদ হোসেন ওরফে খোকন, মো. কামরুজ্জামান মিয়া ওরফে বাবুল ও সামসুন্নাহার নাঈম।
নির্বাচনে এক ভোটের ব্যবধানে হেরে আপিল করেছেন সভাপতি পদে বিএনপি-সমর্থিত আসাদুর রহমান খান এবং ক্রীড়া, আপ্যায়ন ও সংস্কৃতি পদে আওয়ামী লীগ-সমর্থিত মো. শফিকুল ইসলাম।