আঁই হাত বাড়াইলি ইতারা বুক বাড়াই দেয়: মন্জুর
‘ওমরাহ হজ পালনের সময় মেয়র পদে বিএনপির সমর্থনের প্রস্তাব পেয়েছিলাম। দেশে ফিরে শয্যাশায়ী মা মোস্তফা খাতুনের ইজাজত (অনুমতি) চেয়েছিলাম। এরপর শহর কুতুব নামে পরিচিত হজরত শাহ আমানতের (র.) মাজার জিয়ারত করে মনোনয়নপত্র কিনতে যাই। গত ১৫ দিনে হজরত মাইজভাণ্ডারির (র.) ও হজরত মোহসেন আউলিয়ার (র.) মাজার জিয়ারত করে নগরবাসীর সেবার সুযোগ পেতে মহান আল্লাহর কাছে হাত পেতেছি। তা ছাড়া হজরত তাহের শাহর (র.) একজন একনিষ্ঠ মুরিদ হিসেবে তাঁর দোয়া চেয়েছি। ওমরাহ পালনের সময় যেমন আল্লাহর কাছ থেকে উপহার হিসেবে মনোনয়নের খবর পেয়েছি, তেমনি এবার অলি-আউলিয়াদের দোয়ায় মেয়র পদে নির্বাচিত হব।’সৃষ্টিকর্তা, মা আর ধর্মের কাছে নিজেকে সমর্পণের এ বর্ণনা বিএনপিসমর্থিত চট্টগ্রাম নাগরিক আন্দোলনের প্রার্থী এম মন্জুর আলমের। গতকাল বুধবার দুপুরে গিয়ে দেখা গেল, প্রাচীরঘেরা বাড়ির আঙিনায় কয়েকজন কর্মীর সঙ্গে আলাপ করছেন তিনি। চট্টগ্রাম শহরের প্রবেশ দ্বারের পাশে অবস্থিত বাড়িতে প্রায় পুরো দিন কাটালেন মন্জুর। প্রচারণায় অংশ নেওয়ার কোনো চাপ ছিল না। তাড়া ছিল না কোনো সভায় যোগ দেওয়ার। দুই সপ্তাহের প্রচারণার অভিজ্ঞতা জানতে চাইলে বললেন, ৪১টি ওয়ার্ডে জনসংযোগের জন্য এ সময়টা পর্যাপ্ত নয়। এ সময়ের মধ্যে নগরের আনাচে-কানাচে পৌঁছানো রীতিমতো অসম্ভব। তবে এবার প্রচারণার চিরাচরিত ধারা পাল্টেছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রচারণার ৫০ শতাংশই করে দিয়েছে গণমাধ্যম। জনসংযোগের সময় ভোটাররা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তত্ত্বাবধায়ক সরকারের আমলের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকারী মন্জুর আলম। ‘নির্বাচন করেছি চারবার (তিনবার ওয়ার্ড কমিশনার ও একবার সাংসদ হিসেবে) এত সাড়া আগে পাইনি।’ ‘আঁই হাত বাড়াইলি, ইতারা বুক বাড়াই দেয়। মানুষ যেভাবে আঁরে বুক বাড়াই দিইয়ে, ইয়ান যেন ইলেকশনের দিন ফর্যন্ত থায় (আমি হাত বাড়ালে, তাঁরা বুক বাড়িয়ে দেয়। তাঁরা যেভাবে বুক বাড়িয়ে দিচ্ছে, সেটা যেন নির্বাচনের দিন পর্যন্ত থাকে)’—ভোটারদের কাছে এটাই চাওয়া মন্জুরের।