আঁকল সুবিধাবঞ্চিত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছামতো রং নিয়ে খেলতে কে না ভালোবাসে। শিশুরা ভালোবাসে সবার চেয়ে বেশি। আর সুবিধাবঞ্চিত শিশুরা যদি এমন আঁকার সুযোগ পায়, তার সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনা হয় না।

গতকাল শুক্রবার বিকেলে এমনই একঝাঁক শিশু আঁকতে বসেছিল গ্যালারি চিত্রকে। সব সময় খ্যাতিমান চিত্রশিল্পীদের ছবির প্রদর্শনী হয় যেখানে। সুবিধাবঞ্চিত শিশুদের মনোসামাজিক বিকাশে এ আয়োজন করেছিল অ্যাথেনা। শিশুদের মানসিক উৎকর্ষ সাধনে কাজ করে প্রতিষ্ঠানটি। ছবি আঁকা শেষে এতে অংশ নেওয়া ৩৫ শিশুকেই দেওয়া হয় উপহার। সেসবের মধ্যে ছিল ছবি আঁকার উপকরণও।

মানসিক স্বাস্থ্যসচেতনতায় বিভিন্ন সময় সেমিনার, আলোচনা ও স্কুলগামী শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দিয়ে থাকে অ্যাথেনা। প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘শিশুদের সুস্থ মন নিয়ে বেড়ে ওঠার নানা অন্তরায় ছড়িয়ে আছে এই শহরে। আমরা তাদের নানা পরামর্শসেবা দিয়ে আসছি। সুবিধাবঞ্চিত শিশুদের অনেকেই খাদ্য ও কাপড় উপহার দেন। আমরা তাদের মানসিক উৎকর্ষ সাধনের একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি।’

শিশুদের চিত্রাঙ্কন ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষক জামাল আহমেদ। অতিথি হিসেবে এসেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, এফএম রেডিওর উপস্থাপক নিরব। এ ছাড়া উপস্থিত ছিলেন ইফতেখার আলম সিদ্দিকি, মাজহার মান্নান, জাকির হোসেন খান, রফিকুল আলম ইফরিত জাহিন প্রমুখ।