আঁতাত হয়নি, এ বার্তা দিতে চায় সরকার
জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আঁতাত হয়নি—এমন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চায় সরকার।
রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে জামায়াতের সঙ্গে সরকারের একটা সমঝোতা হয়েছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হচ্ছে আজ বুধবার। গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের এটিই প্রথম রায়।
সরকারের নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র জানিয়েছে, সরকার গত আট মাস ঘর গোছাতে কিছুটা সময় নিয়েছে। এ সময়ে সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল, বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা এবং দেশের ভেতরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।
ওই সূত্রগুলো বলছে, এ মুহূর্তে সরকার মনে করছে, সামগ্রিক পরিস্থিতি তার নিয়ন্ত্রণে। ৫ জানুয়ারির আগে সরকারের শেষ সময়ে যেসব জায়গায় দুর্বলতা ছিল, সেগুলো ইতিমধ্যে কেটে গেছে। তাই মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করলে নতুন কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা দেখছে না সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সরকার ভেতর-বাইরের সব চাপ মোকাবিলায় অনেকটা সক্ষম হয়েছে। এ ছাড়া গত প্রায় আট মাসে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগসহ প্রায় সব বিভাগের ওপর সরকারের নিয়ন্ত্রণ জোরদার হয়েছে। এখন সরকার মনে করছে, মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা ও তা কার্যকর করলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা নেই।
সরকারের একজন মন্ত্রী জানান, বিএনপির বিদেশিদের ওপর বিশেষভাবে নির্ভরশীল হওয়া এবং বিদেশিরাই কিছু একটা করে দেবে, এমন আবহ তৈরি করার পর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য, চীন ও জাপান সফর করেছেন। এসব রাষ্ট্রের কাছ থেকে বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাস পেয়ে তিনি সন্তুষ্ট। এ ছাড়া ক্ষমতার পালাবদল হলেও প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসছে না, এটা সরকার নিশ্চিত হয়েছে ইতিমধ্যে। সে ক্ষেত্রে এই বিচারের ক্ষেত্রে নতুন করে বাইরের চাপ আসার সম্ভাবনা নেই।
ওই মন্ত্রী আরও জানান, সংসদে বিরোধী দল এখন সরকারের নিয়ন্ত্রণে। সরকারের বিরুদ্ধে এখনই কোনো আন্দোলন গড়ে তোলার মতো অবস্থায় নেই বিএনপি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে জোরদার আন্দোলন বা সহিংসতা করার মতো শক্তি নেই, এ বিষয়টি সরকার বুঝতে পারছে। জামায়াতের তরুণ নেতারা শীর্ষ নেতাদের চেয়ে সংগঠনের অস্তিত্ব নিয়েই বেশি চিন্তিত।
দীর্ঘ সময় ধরে আপিল বিভাগে সাঈদীর রায় এবং দুই ট্রাইব্যুনালে আরও পাঁচটি রায় আটকে রয়েছে। ট্রাইব্যুনাল-১-এ তিনটি মামলা রায়ের অপেক্ষায় আছে, যার মধ্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায় নয় মাস ধরে আটকে আছে। ট্রাইব্যুনাল-২-এ রায়ের অপেক্ষায় দুটি মামলা, যার একটি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে রায় ঘোষণা না হওয়া এবং সংগঠন হিসেবে জামায়াতের বিচারের উদ্যোগ না নেওয়ায় সরকারের সঙ্গে জামায়াতের আঁতাত হওয়ার গুঞ্জন ওঠে।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন, জাপান ও সর্বশেষ যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে সরকারের সম্পর্কের কারণে রায় আটকে আছে কি না, এমন প্রশ্নের মুখে পড়েন। যুক্তরাজ্য থেকে ফেরার পর গত জুলাইয়ের শেষ সপ্তাহে বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কিছুটা বিরক্ত হয়ে বলেন, ‘এটা জুডিশিয়াল ব্যাপার। আমি তো আর ধরে এনে ফাঁসি দিতে পারব না।’
বিশিষ্ট লেখক ও অধ্যাপক মুনতাসীর মামুন মনে করেন, ‘রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ দণ্ড চেয়েছে। আমরাও তাই চাই। কিন্তু কাঙ্ক্ষিত রায় না পেলে সরকার রাজনৈতিক, নৈতিক ও আদর্শিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বিচার ঘিরে যে সন্দেহ তৈরি হয়ে আছে, তা কাটবে না।’