আঁধার ঘরে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরজাহান আখতার, মাহমুদ হাসান, মুন্নি ভৌমিক, শহিদুল্লাহ হাবিব
নুরজাহান আখতার, মাহমুদ হাসান, মুন্নি ভৌমিক, শহিদুল্লাহ হাবিব

দরিদ্র পরিবারের সন্তান বলে নুরজাহানকে পাত্তা দিত না সহপাঠীরা। তাদের উপেক্ষার জবাব দেওয়ার ও নিজের স্বপ্ন পূরণের জন্য লেখাপড়া চালিয়ে গেছে নুরজাহান আখতার। বাবা শয্যাশায়ী হওয়ায় মাহমুদ হাসানকে সংসারের হাল ধরতে হয়েছে। আর দশম শ্রেণিতে পড়ার সময় বাবা মারা যাওয়ায় মুন্নি ভৌমিককে করতে হয়েছে গৃহশিক্ষকতা। বস্তা সেলাই করে লেখাপড়া করেছে শহিদুল্লাহ। বাধার পাহাড় ডিঙিয়ে গরিব ঘরের এসব সোনার টুকরা ছেলেমেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এবার শুনব ওদের গল্প:
অধ্যবসায়ী নুরজাহান: কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর দালালীপাড়া গ্রামের নুর ইসলাম ঠেলাগাড়ি চালান। তাঁর মেয়ে নুরজাহান আখতার এবার কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ঠেলাগাড়ি চালিয়ে যা আয় করতেন তা দিয়ে সংসারই চলত না। এত অভাব-অনটনের মধ্যে থেকেও নুরজাহান ঈর্ষণীয় ফলাফল করেছে। তার মুখেই শোনা যাক সে কীভাবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা করেছে। নুরজাহান বলে, অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন। কিন্তু ওই সময় সে তার বাবাকে বুঝিয়ে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায়। ভালো কাপড় পরে বিদ্যালয়ে যেতে না পারায় সহপাঠীরা তাকে তাদের পাশে বসতে দিত না। খারাপ ব্যবহার করত। এ কারণে ভালো ফলাফল করার জন্য মনে জিদ চাপে তার। বাড়িতে বিদ্যুৎ ছিল না। কুপি বাতির আলোয় তাকে পড়তে হয়েছে। ভালো ছাত্রী হওয়ায় শিক্ষকেরা তাকে সহায়তা করেছেন। তাই সে এসএসসিতে ভালো ফলাফল করেছে।
গৃহশিক্ষকতা করত মাহমুদ: মাহমুদ হাসান লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পাঠানঝাড় গ্রামে। তার বাবা ফজলুল করিম আকন্দ একটি গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন। মাসে মাত্র দুই হাজার টাকা বেতন পেতেন। ওই টাকায় সংসার চলত না। তাই সংসারের খরচ জোগাড়ের জন্য অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই গৃহশিক্ষকতা করত মাহমুদ হাসান। গৃহশিক্ষকতা করে যে টাকা আয় হতো, তা দিয়ে সে নিজের এবং এক ভাই ও এক বোনের পড়ালেখার খরচ মেটাত। সে এবার উপজেলার হাজীগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। ভালো ফলাফল করলেও মাহমুদের মনে কোনো আনন্দ নেই। কারণ, তার বাবা কিডনির জটিলতায় আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। নিজের পড়ালেখা ও বাবার চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবে, তা নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়েছে।
হারাধনের ধন মুন্নি: দশম শ্রেণিতে পড়ার সময় মুন্নি ভৌমিকের বাবা হারাধন ভৌমিক মারা যান। সংসারের খরচ জোগাতে তার মা লাকী ভৌমিককে একটি পোশাক কারখানায় চাকরি নেন। কিন্তু তিনি যে বেতন পেতেন তা দিয়ে সংসার চলত না। তাই দুই ভাইবোন ও নিজের পড়াশোনার খরচ জোগাড়ের জন্য গৃহশিক্ষকতা শুরু করে মুন্নি। সে এবার চট্টগ্রামের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। তবে সংসারে অভাব থাকায় তার কলেজে ভর্তি হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। এত অনিশ্চয়তার মাঝেও শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে মুন্নি। ওদের বাড়ি আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও গ্রামে।
বস্তা সেলাই করে পড়ত শহিদুল্লাহ: শহিদুল্লাহ হাবিবের বাবা আবদুল গফুর চালকল শ্রমিক। বাবার সীমিত আয়ে সংসার চলে না। এ কারণে রাতে সে তার বাবার সঙ্গে বস্তা সেলাইয়ের কাজ করত। বস্তা সেলাই করে যে টাকা পেত, তা দিয়ে সে পড়াশোনার খরচ চালাত। টাকার অভাবে প্রাইভেট পড়া হয়নি। অভাবের সঙ্গে লড়াই করে চালিয়ে গেছে পড়াশোনা। সে এবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। ভবিষ্যতে সে একজন প্রকৌশলী হতে চায়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করছেন সফি খান, কুড়িগ্রাম, আবদুর রব, লালমনিরহাট, মোহাম্মদ মোর্শেদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম), মো. খায়রুল ইসলাম, আদমদীঘি (বগুড়া)]