আঁধার ঘরে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারে ছিল সীমাহীন অভাব। পেটের দায়ে কাজ করে অন্য কিশোরদের মতো দিন পার করে দেওয়াই ছিল ওদের নিয়তি। কিন্তু ওরা অভাবের কাছে মাথা নোয়ায়নি। কেউ গৃহশিক্ষকতা, কেউবা দিনমজুরি করে নিজের রোজগারে লেখাপড়া করেছে। কিছু মহৎ লোকের সহায়তা পেয়ে এগিয়ে গেছে কয়েকজন। ওরা সবাই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এভাবে নিজেদের অন্ধকার ঘরে আশার আলো জ্বালিয়েছে ওরা। কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তা: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জাহেদপুর গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান রানা আহমেদ। বাবা আছান শেখ দিনমজুরি করেন। দুই ভাই আর এক বোনের মধ্যে রানা সবার বড়। সবাই লেখাপড়া করে। দিনমজুরি করে আছান শেখ যা পেতেন, তা দিয়ে সংসার চালানোই সম্ভব হতো না। তাই ছেলে রানা লেখাপড়ার খরচ চালানোর জন্য দিনমজুরি শুরু করে। সারা দিন কাজ করে রাতে কুপির আলোয় লেখাপড়া করত সে। এভাবে পরিশ্রম করে এবারের এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ফলাফল প্রকাশের দিনও সে দিনমজুরির কাজ করেছে। সে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। রানা জানায়, ভালো ফলাফল করেও এখন কলেজে ভর্তির টাকার জন্য দুশ্চিন্তা হচ্ছে।নিজের রোজগারে লেখাপড়া: বাবা মানিক বিশ্বাসের সঙ্গে নদীতে মাছ ধরে এবং গৃহশিক্ষকতা করে জিপিএ-৫ পেয়েছে মৃত্যুঞ্জয় বিশ্বাস। তাদের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিন্দুপাড়ায়। সে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র ছিল। মৃত্যুঞ্জয় জানায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন সরকারি কর্মকর্তা হওয়ার ইচ্ছা আছে তার। কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকা কোথায় পাবে, তা সে জানে না। মা চায়না রানী বিশ্বাস বলেন, ‘দাদারে বিশ্বাস করবেইন না, কোনো দিন ভালো কিছু পোলাডারে খাওইয়াতেও পারি নাই। আমি ওর পড়ালেহার ভাব দেইখা রাতভর ওর পাশে বইসা থাকতাম।’ অভাব দমাতে পারেনি প্রবালকে: অভাব ছিল নিত্যসঙ্গী। বাবা প্রশান্ত কুমার একটি দোকানে কর্মচারী হিসেব কাজ করে সামান্য বেতন পেতেন। এ আয় দিয়ে সংসার চলত না। তাই অনেক দিন উপোস থেকেই লেখাপড়া করতে হয়েছে। এভাবে প্রতিনিয়ত অভাবের সঙ্গে লড়াই করে প্রবাল কুমার দাস চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাড়ি চুয়াডাঙ্গা শহরের দাসপাড়ায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, সহায়তা পেলে প্রবাল আরও ভালো করবে।বাবা-মার উৎসাহে সাফল্য: বাবা হানিফ সওদাগর দিনমজুর। তাঁর আয় দিয়ে সংসার চলত না। অধিকাংশ দিনই সকালে পান্তাভাত খেয়ে বিকেলে বাড়িতে ফিরে তরকারি ছাড়াই লবণ দিয়ে ভাত খেত সে। এ অবস্থায় লেখাপড়া না হওয়ার কথা তাঁর ছেলে কামাল সওদাগরের। তাই গৃহশিক্ষকতা করে লেখাপড়া চালিয়ে গেছে সে। এভাবে অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। যশোর সদর উপজেলার সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে সে পরীক্ষায় অংশ নেয়। তাদের বাড়ি সদর উপজেলার কামালপুর গ্রামে। কামাল বলে, ‘বাবা-মা লেখাপড়া জানেন না। কিন্তু ভালো ফলাফল করার জন্য তাঁরা সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন।’ [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন তৌহিদী হাসান, কুষ্টিয়া, রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী), শাহআলম, চুয়াডাঙ্গা ও মনিরুল ইসলাম, যশোর]