আঁধার ঘরে এক ফালি আলো

ওরা থাকে সুইপার কলোনিতে। ঘরগুলোতে দিনের বেলাতেও আলো-আঁধারির খেলা চলে। সন্ধ্যা হলে কলোনির শিশুরা যখন ঘুমাতে যেত, তিনটি মেয়ে তখন পড়তে বসত।
হরিজন সম্প্রদায়ের সেই তিন মেয়ে এ বছর এসএসসি পরীক্ষায় কুষ্টিয়া শহরের মিল লাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ‘এ’ গ্রেড পেয়েছে। পরিবারের পাশাপাশি সুইপার কলোনির নাম উজ্জ্বল করেছে ওরা।
আঁধার ঘরের ওই তিন আলোর নাম ঝিনুক রানী বিশ্বাস, প্রতিমা রানী বিশ্বাস ও প্রিয়া রানী বিশ্বাস। এর মধ্যে ঝিনুক জিপিএ ৪ দশমিক ৮১, প্রতিমা ৪ দশমিক ০৬ ও প্রিয়া ৪ পয়েন্ট পেয়েছে। ঝিনুক ও প্রতিমা থাকে কুষ্টিয়ার চৈতন্য হরিজন পল্লি সুইপার কলোনিতে। এর পাশেই মিল লাইন সুইপার কলোনিতে থাকে প্রিয়া। তিনজনই কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।
তিনজনের মধ্যে ঝিনুক ও প্রিয়া লালনগীতি, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান গাইতে পারে। তিনজনের সফলতার পেছনে কাজ করেছে একটি বেসরকারি সংস্থা (এনজিও)। ওই সংস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৬ সাল থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে তারা প্রাইভেট পড়ত।
শিক্ষক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ১৯৮৪ সাল থেকে তিনি হরিজন শিশুদের পড়িয়ে আসছেন। কিন্তু পঞ্চম শ্রেণিতে পড়ার পর সবাই ঝরে পড়ে। এবারই প্রথম তিনজন মেয়ে এত ভালো ফল করেছে।
ঝিনুক: ওর বাবা হিরা লাল কুষ্টিয়া সোনালী ব্যাংকে ও মা কৈশিলা রানী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। সাত ভাইবোনের মধ্যে সে ৫ নম্বর। একমাত্র ঝিনুকই সংগ্রাম করে পড়াশোনা করছে। বাকি সদস্যরা মা-বাবার মতো একই কাজ করেন।
ঝিনুক বলে, ‘ছোটবেলায় মনে প্রশ্ন জাগত, বড় হয়েও আমাকে কি একই কাজ করতে হবে। এই ভেবে পড়াশোনা শুরু করি। অনেক বাধা-বিপত্তি ও বিয়ের প্রস্তাব আসার পরও পড়াশোনা চালিয়ে গেছি। ইচ্ছে ছিল বিজ্ঞানে পড়ব। কিন্তু খরচের ভয়ে নিতে পারিনি। বড় হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই।’
প্রতিমা: বাবা বিজয় বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী। মা শিলা রানী গৃহিণী। চার ভাইবোনের মধ্যে সে ৩ নম্বর। এখনো তার বিয়ের প্রস্তাব আসে। কিন্তু সে আরও পড়তে চায়। ভবিষ্যতে সেবিকা নয়তো অন্য কোনো সেবামূলক চাকরি করতে চায়।
প্রিয়া: বাবা লাল কুমার বিশ্বাস ও মা মিনতি বিশ্বাসও পরিচ্ছন্নতার কাজ করেন। চার ভাইবোনের মধ্যে সে তৃতীয়। প্রিয়া বলে, ‘ক্লাসে কেউ পাশে বসত না। খেলত না। তবে নবম শ্রেণি থেকে সবাই কাছে আসতে শুরু করে। স্কুলের শিক্ষকেরাও ভালোবাসতে শুরু করে।’ প্রিয়া বড় হয়ে ব্যাংকার নয়তো সাংবাদিক হতে চায়।