অভাবের সংসারে চরম অর্থকষ্টের মধ্যেও পড়াশোনা ছাড়েনি তারা। কেউ কেউ পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি পরিবারকে সহযোগিতা করার জন্য কাজ করেছে। শত প্রতিবন্ধকতার মধ্যেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের বলে তারা এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ঋণের টাকায় রকিবুলের ফরম পূরণ হয়েছে: না খেয়েই প্রায় দিনই স্কুলে যেতে হয়েছে রকিবুলকে। বিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্যে পাওয়া আর বন্ধুদের কাছ থেকে ধার করা বই পড়েই বিজ্ঞান বিভাগ থেকে সবকটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে রকিবুল ইসলাম। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। উপজেলার তালুককররা গ্রামের রাজমিস্ত্রির সহকারী ইখলাছ মালিথা ও সলোকা নেছার ছেলে রকিবুল। দরিদ্র পরিবারের ছেলে বিবেচনায় বিদ্যালয়ের শিক্ষকেরাই তার স্কুলের পোশাক দিয়েছেন। বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে রকিবুলের ফরম পূরণের টাকা জোগাড় করেছেন তার মা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকেরাও তাকে সহযোগিতা করেন। রকিবুল ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। বরজে কাজ করেছে সুমন মণ্ডল: ‘মোর ছেলে কি যে কষ্ট হইররা লেহাপড়া হরছে। আদ বেলা নিত্যনন্দের পান বরজে বদলা দেয়ার কাম হরতে, আর আদ বেলা স্কুলে থাকতে।’ সুমন মণ্ডলের মা প্রভাতী রানী মণ্ডল কথাগুলো বলছিলেন। বরিশালের গৌরনদী উপজেলার বাঘার গ্রামের দিনমজুর সুবল চন্দ্র মণ্ডলের ছেলে সুমন মণ্ডল মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ।সুবল চন্দ্র মণ্ডল অসুস্থতার কারণে তিন বছর ধরে দিনমজুরি করতে পারেন না। সুবল চন্দ্র মণ্ডল বলেন, ‘পোলায় নিজে পানের বরজে কাম হইররা লেহাপড়া হরছে। হুনছি ভালো পাস দেছে, মুই অরে কলেজে লেহাপড়া করাইতে পারমু না; ভগমান যদি কোনো ব্যবস্থা হইররা না দেয়।’ সুমন মণ্ডল বলে, লেখাপড়া শিখে বড় হতে পারলে তার প্রথম কাজ হবে মা-বাবার কষ্ট দূর এবং দেশের উন্নতির জন্য কাজ করা। শিক্ষকদের বিমুখ করেনি ইলিয়াস: বাবা বিলাল মিয়া, গ্রাম্য হাটবাজারে ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রি করেন। ব্যবসার আয় দিয়ে ছয় সদস্যের সংসার চালাতে ভীষণ কষ্ট হয় তাঁর। তাঁর দুই ছেলে ইলিয়াস মিয়া ও শফিকুল ইসলাম গৃহশিক্ষক। শিক্ষকতা থেকে যে টাকা পায় তা দিয়ে প্রাইভেট পড়ে এবং সংসার চালাতে সহায়তা করে। দুই ভাইয়ের মধ্যে ইলিয়াস লেখাপড়ায় ভালো। তাই শিক্ষকেরাও তাকে বিভিন্নভাবে সহায়তা করেছে। শিক্ষকদের বিমুখ করেনি ইলিয়াস। সে কালুখালী উপজেলার খাগজানা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ওই বিদ্যালয় থেকে একমাত্র সেই জিপিএ-৫ পেয়েছে। ইলিয়াস জানায়, সে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। সরকারি কর্মকর্তা হতে চায় ইমরান: সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ইমরান হোসেন। অনেক কষ্ট ও অধ্যবসায়ের পর এ সাফল্যের দেখা পেয়েছে। তার মা আম্বিয়া খাতুন ও বাবা আবদুর রাজ্জাক শ্রমিকের কাজ করেন। তার আরও এক ভাই ও এক বোন আছে। তারাও লেখাপড়া করে। মা-বাবার আয়ে সংসার চলে না। তাই অনেক দিনই ইমরানকে না খেয়ে বিদ্যালয়ে যেতে হয়েছে। কেরোসিন কেনার টাকা না থাকায় পড়তে হয়েছে দিনের বেলা। পড়ালেখার খরচ জোগাড় করার জন্য ইমরানও শ্রমিকের কাজ করেছে। বিদ্যালয়ের শিক্ষক মহিতোষ ঘোষ ও আছাফুর রহমান তাকে সহায়তা করেছে। ইমরান জানায়, সে সরকারি কর্মকর্তা হতে চায়। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন শাহ আলম, চুয়াডাঙ্গা; জহুরুল ইসলাম, গৌরনদী (বরিশাল), রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী) ও কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা]