গ্রামটায় ঢুকেই ধাক্কা খেতে হলো। সন্ধ্যার আলো-আঁধারি যেন ঘুটঘুটে অন্ধকারে রূপ নিয়েছে। একটিও আলো জ্বলতে দেখা যায় না গ্রামের কোনো ঘরে। উচ্চস্বরে কোনো শিশুর পড়ার আওয়াজ কানে আসে না। দিনমান কাজ শেষে ক্লান্ত-পরিশ্রান্ত লোকজন তখন নিদ্রাদেবীর কোলে। সঙ্গে শিশুরাও। বিজলি বাতি নেই, হারিকেন জ্বালালে তেল পুড়বে। সেই তেল জোগাড়ের পয়সা নেই ঘরে। তাই শত প্রয়োজনেও হারিকেন জ্বালানো বারণ।বছর চারেক আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আমশড়া গ্রামের দৃশ্য এটি। আদিবাসী-অধ্যুষিত গ্রামটির দীঘিপাড়ায় এখন উল্টো চিত্র। পাড়ার বাসিন্দা সুরেশ চন্দ্র কেরকেটার বাড়ির উঠোনে দুটি দোচালা টিনের ঘর। শীতের কামড় থেকে রক্ষা পেতেই বোধ হয় ঘর দুটোর দরজা-জানালা বন্ধ। টিনের বেড়ার ফাঁকফোকর গলে, আঁধার ফুঁড়ে আলো চোখে পড়ল। ভেসে এল পড়ার গুনগুন শব্দ। কাছে এগোতেই সেটা আরও স্পষ্ট হলো। সারবেঁধে জনাদশেক আদিবাসী মেয়ে একটি ঘরে পড়ছে। অপরটিতে ছেলেরা। সবার সামনে একটি করে হারিকেন। আগন্তুকের প্রশ্ন শুনে রতন কুমার নামের একটি ছেলে জানায়, তারা এখানে পড়াশোনা করছে। এখানেই থাকে, ঘুমায়ও। দিনে যায় স্কুলে। রাতে অভিভাবকেরা তাদের জন্য খাবার নিয়ে আসেন।ব্যাপার কী, জানতে চাইলে সুরেশ চন্দ্র সবিস্তারে খুলে বলেন। গাঁয়ে শিক্ষিত মানুষ নেই বললেই চলে। ছেলেমেয়েরা পাসের তাড়াশ উপজেলার মাধাইনগর উচ্চবিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু বেশি দূর এগোতে পারে না। কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, বাড়িতে পড়াশোনার পরিবেশ নেই। রাতে হারিকেন জ্বালিয়ে ছেলেমেয়েকে পড়ানো বিলাসিতা মনে করে অনেকেই। কারও কারও তেল কেনার সামর্থ্য পর্যন্ত নেই। আর সকালে ঘুম ভেঙে বাবা-মায়ের সঙ্গে শিশুরা গৃহস্থালি ও ঘরকন্নার কাজে হাত লাগায়। ফলে স্কুলে যাওয়া-আসা ছাড়া পড়াশোনা হয়ে ওঠে না তাদের। এই সমস্যা দূর করতে বিকল্প চিন্তা আসে সুরেশ চন্দ্রের মাথায়। তিনি মাধাইনগর উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেন। গাঁয়ের আর দশজনের সঙ্গে বসে পরামর্শ করেন। ছেলেমেয়েদের পড়ার জন্য বাড়ির বদলে বিকল্প হিসেবে রাতের স্কুলের ব্যবস্থা হয়। ঘর বানানোর খরচপাতি অভিভাবকেরাই দেন। সুরেশ তাঁর বাড়ির উঠোনটি ছেড়ে দেন। সেখানেই ওঠে দোচালা ঘর দুটি। হারিকেনের তেল কেনার টাকা অভিভাবকেরা জোগাড় করেন। সে ২০০৮ সালের কথা। ২৫ জন ছাত্রছাত্রী নিয়ে রাতের স্কুলের যাত্রা শুরু হয়।বর্তমানে এর ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫। ছাত্র আছে ২০ জন, ছাত্রী ১৫। শিক্ষক আছেন তিনজন। একজন উত্তম কুমার কুজুর। তিনি স্নাতক পাস। অপর দুজন বিরেশ কেরকেটা ও নিপেন্দ্রনাথ কেরকেটা। শিক্ষক উত্তম কুমার কুজুর বলেন, ‘আমি শুধু স্নাতক পাস করলাম। এটাতে আমার সম্প্রদায়ের কোনো উন্নতি হবে না। সম্প্রদায়ের বেশির ভাগ ছেলেমেয়েকে যেন শিক্ষার আলোয় আলোকিত করতে পারি, সে জন্য তাদের শিক্ষার ভার নিয়েছি।’শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানে আসার পর তাদের পড়াশোনার মান আরও ভালো হয়েছে। কথা হয় কনকলতা ওঁরাও নামের এক ছাত্রীর সঙ্গে। সে মাধাইনগর উচ্চবিদ্যালয়ে এবার নবম থেকে দশম শ্রেণীতে উঠল। সে জানায়, এখানে আসার আগে ক্লাসে তার রোল নম্বর ছিল ২৩। এবার হয়েছে ৬। অঞ্জনা কেরকেটার ষষ্ঠ শ্রেণীতে রোল ছিল ৭৭। আর সপ্তম শ্রেণীতে রোল হয়েছে ২৭।শিক্ষার্থীরা জানায়, এখন আর সন্ধ্যার সঙ্গে সঙ্গে শুতে যেতে হয় না তাদের। এখানে নিয়ম হলো সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পড়তে হবে। এরপর ঘুম। ভোর পাঁচটার দিকে উঠে আটটা পর্যন্ত চলে পড়ালেখা। তারপর স্কুলের উদ্দেশে রওনা হয় সবাই। রাতের খাবার আসে যার যার বাড়ি থেকে। মেয়েদের দেখাশোনার জন্য রয়েছে দুজন মহিলা। সব মিলে আদিবাসী-অধ্যুষিত এ পাড়ায় যেন আঁধার জয়ের এক নব যাত্রার সূচনা হয়েছে।রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজের শিক্ষক ও আদিবাসী নেতা যোগেন্দ্রনাথ টপ্প বলেন, ‘পিছিয়ে পড়া আদিবাসীদের পড়ালেখায় মনোযোগী করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে এই রাতের স্কুল। এখানে ছেলেমেয়েরা পড়ালেখার পাশাপাশি মানবিক উন্নয়নের দিক সম্পর্কে জানার সুযোগ পায়।’আদিবাসীদের রাতের স্কুলের কার্যক্রম দেখার জন্য ইতিমধ্যে এখানে এসে ঘুরে গেছেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, ধুবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুল ইসলামসহ আরও অনেকে। তাঁরা একবাক্যে এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পিছিয়ে পড়া যেকোনো জনগোষ্ঠীর জন্য এ উদ্যোগ সত্যিই আশার আলোকবর্তিকা।ধুবিল ইউপির চেয়ারম্যান আক্তারুল ইসলাম বলেন, ‘প্রতিদিন হারিকেনের তেল কেনার জন্য একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়, যা এসব আদিবাসী মানুষের পক্ষে জোগান দেওয়া কঠিন। সৌরবিদ্যুতের ব্যবস্থা করা গেলে এ গ্রামের আদিবাসীদের মন থেকে অন্ধকার একেবারে চলে যাবে।’