আঁধার পেরিয়ে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনি, রুমি আক্তার, শরিফুল হক, সুমা রাজবংশী
রনি, রুমি আক্তার, শরিফুল হক, সুমা রাজবংশী

ঘরে ভীষণ অভাব৷ তিন বেলা খাবার জুটত না৷ ছিল না পড়াশোনার পরিবেশ৷ কয়েকজনের পড়াশোনাই বন্ধ হয়ে গিয়েছিল৷ তবু তারা ঘুরে দাঁড়ায়৷ অনেক কষ্ট করে, শত বাধা পেরিয়ে তারা এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ পেয়েছে৷ এমন চারজনকে নিয়ে আজকের প্রতিবেদন৷

রণজয়ী রনি: মেয়েটির নাম শুধু রনি৷ যখন সে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, তখন মা সাহারা খাতুন যক্ষ্মা রোগে আক্রান্ত হন৷ কিন্তু নিয়মিত চিকিৎসায় যে যক্ষ্মা রোগ ভালো হয়, তা জানতেন না রনির বাবা রুহুল আমিন৷ যক্ষ্মায় আক্রান্ত হওয়ার অপরাধে তিনি সাহারা খাতুনকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন৷ রেখে দেন এক মেয়ে ও দুই ছেলেকে৷ এর কিছুদিন পর রুহুল আমিন আরেকটি বিয়ে করেন৷ কিন্তু মাস না যেতেই মানসিক ভারসাম্য হারান তিনি৷
সৎমা মালা বেগম বাড়ির আশপাশে লাউ, শিমগাছ লাগিয়ে ও হাঁস-মুরগি পালন করে সংসার চালাতে থাকেন৷ এই পরিবেশে রনি ও তার ছোট দুই ভাই মানিক ও রতনের পড়াশোনা চলতে থাকে৷ দশম শ্রেণীতে পড়া অবস্থায় চাচারা রনিকে জোর করে এক পোশাকশ্রমিকের সঙ্গে বিয়ে দেন৷ ছয় মাসে রনির বিবাহবিচ্ছেদ হয়৷ এরপর আবার পড়াশোনা শুরু করে৷ এবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানী হাসান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে৷
রনি জানায়, ‘পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনদের নানা অপবাদ মুখ বুজে সহ্য করে জীবনের প্রথম ধাপে সফলতা পেয়েছি৷ এখন চিকিৎসক হতে চাই৷ জানি না কতদূর পারব৷’ প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, মেয়েটির বাবা মানসিক প্রতিবন্ধী৷ ঘরে সৎমা৷ অল্প বয়সে মেয়েটির বিবাহবিচ্ছেদ ঘটে৷ অর্থাভাব তো রয়েছে৷ এত প্রতিকূলতা সত্ত্বেও মেয়েটি ভালো ফল করেছে৷ ইচ্ছা থাকলেই যে জয় করা সম্ভব, রনি তার দৃষ্টান্ত৷
হাওরের আলো রুমি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হক সাহেব উচ্চবিদ্যালয় থেকে এবার তিনটি বিভাগ থেকে ৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়৷ এর মধ্যে জিপিএ-৫ পায় মাত্র একজন৷ নাম তার রুমি আক্তার৷ তাদের বাড়ি উপজেলার দেউঘর ইউনিয়নের আলিনগর গ্রামের মধ্যপাড়ায়৷ বাবা খোরশেদ আলম কৃষিশ্রমিক৷ মা রাবেয়া বশরি গৃহিণী৷ ছয় ভাইবোনের মধ্যে রুমি দ্বিতীয়৷
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের বাসিন্দা হলেও রুমির বাবার নিজস্ব কোনো জমি নেই৷ অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন৷ হাওরের জমি একফসলি হওয়ায় বছরের অর্ধেকের বেশি সময় তাঁকে বেকার থাকতে হয়৷
রুমি বলে, ‘আমরা (ভাইবোন) যারা সকালে খেতাম, তারা দুপুরে খেত না৷ যারা দুপুরে খেত, তারা রাতে খেত না৷ প্রাইভেট পড়ার অভিজ্ঞতাও নেই৷ তবে শেষ সময় একটি কোচিং সেন্টার আমাকে বিনা পয়সায় পড়ার সুযোগ করে দেয়৷ তারাই আমার ফরম পূরণের অর্থ দিয়ে সাহায্য করে৷’
আইলাজয়ী শরিফুল: ওদের বাড়ি ছিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়৷ ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে ভিটেমাটি হারায় শরিফুলরা৷ পরদিন ২৬ মে বাবা-মায়ের সঙ্গে শরিফুল শ্যামনগর সদরের বাদঘাটা গ্রামের নানার বাড়িতে আশ্রয় নেয়৷
বাবা রেজাউল হক বাইরে বাইরে শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার চালান৷ অর্থাভাবে নবম শ্রেণীতে শরিফুলের পড়াশোনা বন্ধ হয়ে যায়৷ মাস দুয়েক পর নিজের উপার্জনে নিজের পড়াশোনার খরচ চালানোর সিদ্ধান্ত নেয়৷ শুরু করে কৃষিশ্রমিকের কাজ ও ছোট শিশুদের পড়ানো৷ ফাঁকে ফাঁকে চলতে থাকে পড়াশোনা৷
সেই শরিফুল শ্যামনগরের জোবেদা সোহরাব মডেল একাডেমি থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে৷ বর্তমানে সে একটি কনফেকশনারির দোকানে কাজ করে৷
পরীক্ষার ফিই দিতে পারছিল না সুমা: বাবা শুকলাল রাজবংশী পেশায় জেলে৷ বাড়ি ঢাকার দোহার উপজেলার আউলিয়াবাদ জেলেপাড়ায়৷ নদী-নালা, খাল-বিল শুকিয়ে যাওয়ায় আগের মতো মাছ পান না তিনি৷ চারজনের সংসার চালাতে হিমশিম খেতে হয়৷ অর্ধাহারে-অনাহারে থেকে পড়তে হয়েছে সুমা রাজবংশীকে৷ মা ছিল অসুস্থ৷ তাই রান্নাবান্নায়ও সময় দিতে হয়েছে ওকে৷
সুমার এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা ছিল না শুকলালের৷ এ জন্য বাবা-মেয়ে খুব কেঁদেছিল একদিন৷ পরে এক প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে ফরম পূরণের টাকা পরিশোধ করেন শুকলাল৷
সুমা জানায়, জেলেপাড়ার নিম্নবর্ণের মেয়ে হওয়ায় বিদ্যালয়ে সে অনেকটা অবহেলার দৃষ্টিতে ছিল৷ সুযোগ ও অর্থের অভাবে গৃহশিক্ষক বা প্রাইভেট পড়া বলতে সে কিছু চেনে না৷ তবে এলাকার শিক্ষিত যুবক রিপন রাজবংশী তাকে বিভিন্ন বিষয়ে বিনা পারিশ্রমিকে গণিত ও ইংরেজি বিষয়ে সহায়তা করতেন৷
[প্রতিবেদন পাঠিয়েছেন সুমন মোল্লা, ভৈরব; কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা; আজহারুল হক, (নবাবগঞ্জ), ঢাকা; আবদুল মান্নান, নালিতাবাড়ী (শেরপুর)]