আঁধার পেরিয়ে ‘পূর্ণিমা’
নবজাতকের পৃথিবী দর্শন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন চিকিৎসকেরা। কারণ, সে মায়ের গর্ভে বেড়ে ওঠেনি। জরায়ুর বাইরে পূর্ণ ৩৮ সপ্তাহ (প্রায় নয় মাস) পার করে পৃথিবীর আলো-বাতাসের স্পর্শ পেয়েছে। নবজাতকের বয়স এখন পাঁচ দিন। নাম রাখা হয়েছে ‘পূর্ণিমা’। সবাইকে অবাক করে দিয়ে সে সুস্থ-সবল আছে, সঙ্গে জন্মদাত্রী মা-ও। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবের। পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত বেসরকারি আবেদীন হাসপাতালে গত শুক্রবার জটিল এক অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর মুখ দেখে পূর্ণিমা। অস্ত্রোপচার করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও শল্যচিকিৎসক আমিন উদ্দিন।স্ত্রীরোগ বিশেষজ্ঞ রওশন আরা বেগম প্রথম আলোকে বলেন, জরায়ুর বাইরেও শিশু বেড়ে উঠতে পারে। এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। হাসপাতাল সূত্র জানায়, গত জুলাইয়ে কাকলি বেগম (২২) নামে এক প্রসূতি স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে আসেন। তখন তাঁর মূল সমস্যা ছিল পেটের ব্যথা। চিকিৎসক আমিন উদ্দিন গত ১৮ আগস্ট কাকলির আলট্রাসনোগ্রাম করেন। এ সময় তাঁর গর্ভে অসংগতি ধরা পড়ে। একাধিকবার পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, স্বাভাবিক নিয়মে নয়, জরায়ুর সম্পূর্ণ বাইরে থেকে পেটের নাড়িভুঁড়ির সঙ্গে জড়িয়ে বেড়ে উঠছে নবজাতক। তখন নবজাতকের বয়স ৩৪ সপ্তাহ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুরো ঘটনাটি কাকলি ও তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়। পেটের ব্যথা নিয়ে গত শুক্রবার কাকলি হাসপাতালে আসেন। ওই দিন রাত আটটার দিকে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সিজারিয়ান অপারেশনে সাধারণত ৩০ মিনিটের বেশি সময় লাগে না। কিন্তু এই ঘটনায় অস্ত্রোপচারে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট।পুরো বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে চিকিৎসক আমিন উদ্দিন বলেন, সাধারণ নিয়ম হলো নবজাতকের অবস্থান হবে জরায়ুর ভেতরে। ‘পূর্ণিমা’ বেড়ে উঠেছে জরায়ুর বাইরে। এ ধরনের গর্ভধারণকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘একটোপিক প্রেগন্যান্সি’ বলা হয়। এমন ঘটনা সহসা ঘটে না। আমাদের দেশে খুব বেশি এমন হয়নি। যে কয়টি শনাক্ত করা গেছে, তার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করে শুধু প্রসূতিকে বাঁচানো হয়েছে। এখানে সফলতা হলো, মা-মেয়ে দুজনই বেঁচে আছে এবং সুস্থ আছে। তিনি জানান, অস্ত্রোপচারের সময় দুই ব্যাগ রক্ত ছাড়া বাড়তি কিছুর প্রয়োজন হয়নি। খাবারও অন্য সব শিশুর মতোই। মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু দেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসক জাকিউর রহমান জানান, জরায়ুর বাইরে শিশু বেড়ে ওঠার এমন ঘটনা পৃথিবীতে আরও আছে। গতকাল হাসপাতালে গিয়ে কথা হয় কাকলির সঙ্গে। তিনি জানান, তাঁদের বাড়ি উপজেলার রাধানগর গ্রামে। কাকলির বাবা আলাল উদ্দিন একজন কৃষক। বছর খানেক আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মহিষবের গ্রামের কৃষক ছাত্তার মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। পূর্ণিমা গর্ভে আসার পর মাঝেমধ্যে পেটে ব্যথা ছাড়া শরীরে অন্য কোনো সমস্যা অনুভব করেননি। কাকলি বলেন, ‘চিকিৎসকের কাছে যখন সমস্যার কথা শুনলাম, তখন মেয়েকে পাবার আশা ছেড়ে দিয়েছিলাম। এই কারণে সারা দিন সন্তানের দিকে তাকিয়ে থাকি। প্রতিবারই আশ্চর্য লাগে।’ বাবা হওয়ার অনুভূতি জানতে চাইলে ছাত্তার মিয়া বলেন, ‘কী কমু, কওয়ার কিছু নাই। পূর্ণিমার আলো এখন আমরার ঘরে।’