
পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার পরও নবম শ্রেণিতে পড়ার সময় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শারমীন খাতুনকে বিয়ে দিতে চেয়েছিলেন বাবা আবু সাঈদ। পরে মায়ের অনুরোধে সিদ্ধান্ত বদলান বাবা। মেয়ের পড়ালেখার খরচ জোগাতে বাবাকে ঋণও করতে হয়। বাবা-মাকে হতাশ করেনি শারমীন। এবারের এসএসসিতে সে জিপিএ-৫ পেয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের হবিবর রহমান ও দুলালী বেগমের পাঁচ সন্তানের মধ্যে ছোট খোকন সরকার পড়াশোনা চালাতে বাবা ও ভাইদের সঙ্গে দিনমজুরের কাজ করেছে। তারপরও লেখাপড়া বন্ধ করেনি। স্কুলের শিক্ষকদের সহযোগিতায় এবার এসএসসি পরীক্ষায় চরপাড়া উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে।
নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামে শারমীনের বাড়ি। খাসজমিতে ছোট একটি ভাঙা টিনের ঘর। সেখানে শারমীন দুই ভাইবোন ও বাবা-মার সঙ্গে থাকে। উপজেলায় নন্নী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায় শারমীন। তার ভাইবোনেরাও মেধাবী। ভাই হেলাল উদ্দিন এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট বোন শামীমা আক্তার পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
শারমীন বলে, দুই বেলা ঠিকমতো খাবার জোটে না। এক কাপড়েই চলতে হয়েছে। কোচিং বা প্রাইভেট পড়া তো বিলাসিতা। ফলাফল খারাপ হলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, এ আশঙ্কায় শত কষ্টের মধ্যেও সে চেষ্টা করে গেছে।
শারমীন বলে, ‘বাবা ঋণ করে পরীক্ষার ফরম পূরণ করিয়েছেন। বাবা সারা দিনে যে টাকা রোজগার করেন, এতে আমাদের লেখাপড়ার খরচ চালানো খুব কষ্ট। কেমনে কলেজে ভর্তি হব, কোথায় পড়ব, কিছুই বুঝতে পারছি না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শারমীন ও তার ভাইবোন অত্যন্ত মেধাবী। একটু সহযোগিতা পেলে তারা খুব ভালো করবে।
ভাইবোনদের কারও পড়ালেখায় আগ্রহ ছিল না। কিন্তু খোকন সরকার ছিল ব্যতিক্রম। বাবা ও তিন ভাই দিনমজুরের কাজ করতেন। বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের বিদ্যালয়ে যেতে হতো হেঁটে। ফিরে এসে রাতে হারিকেনের আলোয় পড়ালেখা। পড়ালেখার খরচ জোগাতেও দিনমজুরের কাজ করেছে সে। তারপরও লেখাপড়া বন্ধ করেনি।
খোকনের মা দুলালী বলেন, লেখাপড়ার প্রতি আগ্রহের জন্য খোকন ভালো ফলাফল করেছে। তাঁদের ছেলেটা মানুষ হলে আর কোনো চাওয়া নেই।
খোকন বলে, শহরের কোনো ভালো কলেজে ভর্তি হতে পারলে ভালো হতো। কিন্তু সেখানে অনেক খরচ।
চরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন বলেন, সামর্থ্য অনুযায়ী এত দিন বিদ্যালয় খোকনকে সাহায্য করেছে। তার স্বপ্ন পূরণের জন্য সবার সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি।