আঁধার ফুঁড়ে আলোর পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রাম! এক দশক আগেও এ গ্রামের অধিকাংশ তরুণ ও কিশোর মাদক সেবন করত। এখানে জ্ঞানচর্চা ও বয়স্ক শিক্ষার কোনো সুযোগ ছিল না। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। এখন এসব চিরচেনা দৃশ্য বদলে গেছে। অন্ধকার দূরে ঠেলে আলোকিত পথের দিকে যাত্রা শুরু করেছে এ গ্রামের মানুষ। গ্রামের বেশির ভাগ তরুণ মাদক সেবন এমনকি ধূমপানও করে না। গ্রামের অনেক তরুণ ও বয়স্ক মানুষ লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।তিন যুবকের অক্লান্ত পরিশ্রম, নিরলস চেষ্টা ও তাঁদের উদ্যোগে গড়ে তোলা একটি সংগঠনের মাধ্যমে এ গ্রামে চমকপ্রদ পরিবর্তন এসেছে। সংগঠনটির নাম প্রত্যয় যুব সংগঠন। মাদক প্রতিরোধ আন্দোলন দিয়ে যাত্রা শুরু। একে একে তাঁরা গ্রামে পাঠাগার ও নৈশ বিদ্যালয় স্থাপন করেছেন। কিনে দিয়েছেন গরিব শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ। বিনা টাকায় প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করেছেন তাদের। ফুটবল ও ক্রিকেটের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সংগঠনটির পক্ষ থেকে গরিব রোগীদের কিনে দেওয়া হচ্ছে ওষুধ। বাল্য বিয়ে বন্ধে ঐক্যবদ্ধ সংগঠনটির সদস্যরা। এ পর্যন্ত তাঁরা ২০টি বাল্য বিয়ে বন্ধ করেছেন। যেভাবে শুরু: ২০০১ সালে সীমান্তঘেঁষা পারকৃষ্ণপুর গ্রামে হঠাৎ করেই মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যায়। এতে এলাকায় চুরি, ডাকাতিসহ অপরাধমূলক কাজ বেড়ে যায়। শুরুতে মাদকের ছোবল থেকে গ্রামের কিশোর ও তরুণদের রক্ষা করার জন্য এগিয়ে আসেন তিনজন। তাঁরা হলেন একই গ্রামের কিতাব আলী, শাকিল হোসেন ও জাহাঙ্গীর আলম। তাঁরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।কিতাব আলী বলেন, ‘২০০১ সালে মাদকের আগ্রাসনের শিকার গ্রামবাসীর অসহায়ত্ব আমাকে ভাবিয়ে তোলে। এ সময় সহপাঠী শাকিল হোসেন ও জাহাঙ্গীর আলমকে নিয়ে বৈঠক করি। তারাও মাদকবিরোধী আন্দোলনে আমার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। পরে গ্রামের আরও ১৭ জন যুবককে সঙ্গী হিসেবে পাই। ওই বছরই তাদের নিয়ে গঠন করি প্রত্যয় যুব সংগঠন। নানা ধরনের কার্যক্রম চালাতে প্রতি সদস্যের কাছ থেকে প্রতিমাসে ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। পারকৃষ্ণপুর বাজারে ভাড়া নেওয়া ঘরেই সংগঠনের কার্যক্রম চালানো হয়।’ মাদকবিরোধী আন্দোলন: গ্রামটিকে মাদকমুক্ত করতে প্রতিমাসের প্রথম শুক্রবার বিকেলে বয়োজ্যেষ্ঠদের নিয়ে সভা করা হয়। এ আন্দোলনের কারণে গ্রামের অনেক যুবক ও তরুণ আর মাদকসেবন করে না। অনেকে সংগঠনের সদস্য হওয়ার পর ধূমপান করে না। দর্শনা কলেজের এক ছাত্র বলেন, ‘দশম শ্রেণীতে পড়ার সময় আমি ফেনসিডিলে আসক্ত হই। মাদকাসক্তির কারণে পরিবার থেকে লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় বিকেলবেলা খবরের কাগজ পড়ার জন্য প্রত্যয়ের পাঠাগারে যেতাম। পরে সংগঠনটির মাদকবিরোধী সভায় যোগ দিয়ে জীবনে মাদক স্পর্শ না করার শপথ করি। আমার দেখাদেখি চার বন্ধু এখন মাদক সেবন বন্ধ করে দিয়েছে।’নৈশ বিদ্যালয়: গ্রামের অনেক তরুণ ও বয়স্ক লোকই নিরক্ষর। তাঁদের জন্য পারকৃষ্ণপুর বাজারে একটি ঘর ভাড়া নিয়ে একটি নৈশ বিদ্যালয় কার্যক্রম শুরু করা হয় ২০০৫ সালে। এ পর্যন্ত দুই শতাধিক লোককে এখানে লেখাপড়া শেখানো হয়েছে। তাঁরা এখন পত্রিকা, বই পড়তে পারেন।পাঠাগার: গ্রামটিতে পত্রিকা, গল্প, উপন্যাসসহ সমসাময়িক বিশ্বের নানা বিষয়ে পড়ার সুযোগ ছিল না। বিষয়টি অনুধাবন করতে পেরে সংগঠনের পক্ষ থেকে ২০০৫ সালে পাঠাগার করা হয়েছে। পারকৃষ্ণপুর বাজারে একটি ঘর ভাড়া নিয়ে এর কার্যক্রম চালানো হচ্ছে। এখানে একটি জাতীয় ও একটি স্থানীয় দৈনিক রাখা হয়। এখানে অনেক গল্প, উপন্যাসের পাশাপাশি প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর পাঠ্যবইও আছে। বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত এটি খোলা থাকে। ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ: মাদকমুক্ত পরিবেশ ধরে রাখতে এলাকার কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে ফুটবল ও ক্রিকেট দল গঠন করা হয়েছে। তাদের গ্রামের একটি মাঠে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। এ গ্রামের ক্রিকেট দল ২০০৮ ও ২০১১ সালে আন্তইউনিয়ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৬ সালে দর্শনা পৌর টুর্নামেন্টেও দলটি চ্যাম্পিয়ন হয়।লেখাপড়ায় সহায়তা: এ গ্রামের বেশির ভাগ মানুষই দরিদ্র। পরিবারে অভাব-অনটনের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। এ অবস্থায় তাদের সহায়তা করার জন্য এগিয়ে আসে এ সংগঠন। সংগঠনটির পাঠাগারে বসেই কলেজপড়ুয়া পাঁচজন সদস্য তাদের প্রাইভেট পড়ান। প্রতিবছর ২২-২৫ জন শিক্ষার্থীকে এ রকম সহায়তা দেওয়া হয়। পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, প্রত্যয় যুব সংগঠনের সহায়তার কারণে বিদ্যালয় থেকে গত কয়েক বছরে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমে গেছে। চিকিৎসা সহায়তা: এ গ্রামে অনেক দরিদ্র মানুষ অসুস্থ হলে ওষুধ কিনতে পারেন না। তাঁদের এ সংগঠনের পক্ষ থেকে ওষুধ কিনে দেওয়া হচ্ছে। প্রতিবছর কমপক্ষে ২০ জনকে ৫০০ থেকে এক হাজার টাকার ওষুধ কিনে দেওয়া হয়। ভবিষ্যৎ পরিকল্পনা: এ সংগঠনের অন্যতম উদ্যোক্তা শাকিল হোসেন বলেন, কম্পিউটার প্রশিক্ষণ এবং গ্রামবাসীর কাছে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে। আর্থিক সহায়তা পেলে এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি আমাদের পারকৃষ্ণপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছে আছে। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, ‘পারকৃষ্ণপুর গ্রামের যুবকদের জনসেবা করার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। গ্রামের অনেকেই এখন লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। অনেক যুবক মাদক ছেড়ে সেবামূলক কাজ করছে। আমিও বিভিন্ন কাজে তাদের সহায়তা করছি।’