একসময় তাঁর নাম শুনলে আঁতকে উঠত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকার মানুষ। তিনি শহরের উত্তর সেওতার বাসিন্দা কাজী মেসকাত মঞ্জুর। পরিবার থেকে বিচ্ছিন্ন মেসকাত নেশার টাকা জোগাড় করতে একসময় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা কাজী মঞ্জুর হোসেন ছেলেকে তুলে দেন পুলিশের হাতে। তার পরও মেসকাত ফিরে আসেননি ভয়ংকর সেই জগত্ থেকে। সেই মেসকাত এখন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘পথ’-এর প্রশিক্ষক। একদিন যাঁর মুখ থেকে গাঁজা ও ফেনসিডিলের ভুরভুর গন্ধ বের হতো, এখন সে মুখে শান্তির বাণী উচ্চারিত হয়। মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরে আসার উপদেশ দেন তিনি। এ রকম আরও প্রায় ৩০০ মাদকাসক্ত তরুণকে সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে ‘পথ’। মাদকাসক্তদের এই নিরাময় কেন্দ্রটি গড়েছিলেন মাসকাতের মতোই দুই তরুণ। তাঁরাও একসময় নেশার জগতে বুঁদ হয়ে থাকতেন। সুস্থ জীবনে ফিরে তাঁরা আর-দশজনের মতো চাকরি-বাকরি বা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িয়ে যাননি। মানিকগঞ্জের ওই দুই তরুণ একটু অন্য ধারায় কাজ শুরু করলেন। তাঁরা ভাবলেন, যে মাদক তাঁদের জীবন কেড়ে নিতে চেয়েছিল, যত দিন বাঁচবেন, ওই মাদকের বিরুদ্ধে তত দিন লড়ে যাবেন। সেই চিন্তা থেকেই পথ নামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটির জন্ম। শুরুটা যেভাবে: শহরের দক্ষিণ সেওতার বাসিন্দা মাহমুদুর রহমান খান ও মাজার রোডের রাহুল রায় লেখাপড়া করতেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে। ১৯৯৪ সালের কথা। সহপাঠীদের হাত ধরে দুই বন্ধুই নেশার জগতে পা রাখেন। প্রথমে গাঁজা, পরে ফেনসিডিল ও হেরোইনে আসক্ত হয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে বন্ধ হয়ে যায় লেখাপড়া। ২০০১ সালের দিকে দুজনই পৃথকভাবে চিকিত্সা নিয়ে সুস্থ হন। পরে দুই বন্ধু মিলে মাদকাসক্তদের নিয়ে কিছু করার চিন্তাভাবনা শুরু করেন। বছর চারেক পরিকল্পনার পর মাদকাসক্তদের চিকিত্সার জন্য ২০০৬ সালে মানিকগঞ্জে গড়ে তোলেন পথ নামের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হরআলী ম্যানশনের এই নিরাময় কেন্দ্রে বর্তমানে ১৫ জন চিকিত্সা নিচ্ছেন। সেবার ধরন: এই নিবাসে ডিটক্সিফিকেশন, শিক্ষামূলক ক্লাস, মেডিটেশন, অকুপেশনাল থেরাপি (কর্মজড়তা দূর করার জন্য কাজের মাধ্যমে শাস্তি দেওয়া), নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা, ব্যক্তিগত, দলগত ও পারিবারিক কাউন্সিলিং এবং নিয়মিত ধর্মীয় চর্চার মাধ্যমে মাদকাসক্তদের চিকিত্সাসেবা দেওয়া হয়। কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিবাসের পরিচালক ও প্রশিক্ষকেরা হাতে-কলমে এসব সেবা দেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাদকাসক্তরা। নিবাসে এক দিন: সম্প্রতি নিবাসে গিয়ে দেখা যায়, ১৫ জনকে নিয়ে শিক্ষামূলক ক্লাস চলছে। ক্লাস শেষে দুপুর ১২টায় মুরগি জবাই করে কাটাবাছার কাজে হাত দেন রিমন নামে এক নিবাসী। রান্না চড়ান সন্টু। তাঁকে সহায়তা করেন নিবাসেরই আরেক তরুণ দীপু। এক ঘণ্টার মধ্যে মাংস, ডাল ও সবজিসহ ভাত রান্না হয়ে যায়। খাবার টেবিলে একে একে এসে হাজির হন সবাই। খাবার পরিবেশন করেন পরিচালক রাহুল রায় ও প্রশিক্ষক মেসকাত মঞ্জুর। এর আগে ঘর ঝাড়ু, শৌচাগার ও কাপড় পরিষ্কারসহ অন্যান্য দৈনন্দিন কাজ সারেন নিবাসের অন্যরা। বেলা আড়াইটায় নম্র-ভদ্র জীবনযাপনের জন্য শিক্ষামূলক ক্লাস নেন নিবাসের নির্বাহী পরিচালক মাহমুদুর রহমান খান। এর পরই শুরু হয় ব্যায়ামের ক্লাস। ব্যায়াম করান প্রশিক্ষক মেসকাত মঞ্জুর। প্রতি রবি ও সোমবার বিকেল চারটায় অনুভূতি-পর্যালোচনা করেন নিবাসীরা। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত থেকে ভুলত্রুটি ধরিয়ে দেন পরিচালক রাহুল রায়। বিকেল পাঁচটায় পিনপতন নীরবতা নেমে আসে নিবাসটিতে। প্রতিদিনের মতো তখন একযোগে সবাই নীরবতা পালন করেন। তাঁদের কথা: সেদিন নিবাসে গিয়ে কথা হয় প্রশিক্ষক মেসকাত মঞ্জুরের সঙ্গে। তিনি বলেন, ‘১৫ বছর বয়সে ধূমপানের মধ্য দিয়ে নেশার জগতে পা রাখি। এর পর গাঁজা, ফেনসিডিল ও হেরোইন থেকে শুরু করে এহেন মাদক নেই যা নিইনি। কী ভুল করেছিলাম এখন বুঝি। বর্তমানে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নিঃস্বার্থভাবে কাজ করছি।’ সাভার উত্তরপাড়ার শুভ্র সাহা (২৮), কুটিস্বর রাজবংশী (২৮), ধামরাইয়ের কালামপুরের মো. সামসুল আলম (৪২) ও নজরুল ইসলাম (৩০) একসময় নেশার জগতে ডুবেছিলেন। পথ-এ চিকিত্সা নিয়ে তাঁরা সবাই এখন সুস্থ জীবন যাপন করছেন। কর্মকর্তাদের কথা: পথ-এর নির্বাহী পরিচালক মাহমুদুর রহমান খান ও পরিচালক রাহুল রায় বলেন, ‘একটি জরিপে দেখা গেছে, বর্তমানে মানিকগঞ্জ, ধামরাই ও সাভার এলাকায় আনুমানিক ৫০ হাজার মাদকাসক্ত আছে। এদের অধিকাংশেরই বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে।’ তাঁরা জানান, এ পর্যন্ত তাঁদের এখানে ৫০০ জনকে চিকিত্সা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০ ভাগই সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে গেছেন। এঁদের মধ্যে অনেকেই নিজেকে উত্সর্গ করেছেন মাদকাসক্তদের সেবায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জের পরিদর্শক ইকবাল হোসেন পথ-এর প্রশংসা করে বলেন, ‘পথ মাদকাসক্তি নিরাময়ে সমাজে ভালো অবদান রেখে চলেছে।’