আয়েশি জীবন তো দূরে থাক, খেয়ে-পরে চলার মতো অবস্থাই তাদের কারোর নেই। ছোট হয়েও বড়দের মতো কাজ করেছে তারা। পাশাপাশি পড়াশোনাও করেছে সমানতালে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। আঁধার ফুঁড়ে আলোর পানের যাত্রী এমন দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের আমরা ‘অদম্য মেধাবী’ আখ্যা দিয়েছি। এমনি কজন শিক্ষার্থীর সাফল্যের কাহিনি শুনব আজ।ইট ভাঙে মেহেদী, চোখে চিকিৎসক হওয়ার স্বপ্ন: ২০০৪ সালের কথা। পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মেহেদী হাসান তখন প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষার তিন দিন আগে গাছ থেকে পড়ে গিয়ে তার বাবা রুস্তম আলীর পা ভেঙে যায়। সে বছর মেহেদী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। জুনিয়র বৃত্তি পরীক্ষার দিন কয়েক আগে তার বাবার পা কেটে যায়। মেহেদীর মা মনোয়ারা বেগম জানান, বাবার সেবা করতে গিয়ে অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া হলো না ছেলেটার। সেই মেহেদী এবার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। তার ভাই মনিরুল ইসলাম বলেন, ‘জমিজমা বলতে থাহার (থাকার) মতো একখান ভাঙা ঘর। গাছ বিক্রির সামান্য আয় থেকেই আমাদের ভরণপোষণ ও মেহেদীর লেখাপড়ার খরচ চলে।’ মেহেদী জানায়, বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে বিনা বেতনে পড়িয়েছেন। মাঝেমধ্যে খাবারের টাকাও দিয়েছেন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম শেখ জানান, লেখাপড়ার ফাঁকে ফাঁকে মেহেদী ইট ভাঙার কাজও করেছে। ডাক্তার না হলেও নার্স হয়ে মানুষকে সেবা দিতে চায় রোজিনা: ‘ওর বাপে একদিন ঠেলাগাড়ি না চালাইলে ভাত জুডে না। ছেড়িডারে (মেয়েটাকে) ভালামন্দ খাওয়াইতাম পারি না। লেহাপড়ার খরচ জোগাইতাম পারি না। ছেড়িডার মাথাডা ভালা, তাই শত অভাবের মইধ্যে থাইক্যা ভালা ফল করছে। অহন এই ছেড়ির ভবিষ্যৎ নিয়া কী করবাম, এই চিন্তাই অহন করতাছি।’ কথাগুলো বললেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের মদিনা আক্তার (৪০)। তাঁর মেয়ে রোজিনা আক্তার এবার দিলালপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দিলালপুর গ্রামে গিয়ে দেখা গেছে, এক টুকরো জমিতে একটি ছাপরাঘরে রোজিনার তিন বোন, দুই ভাই ও মা-বাবা থাকেন। পড়ার জন্য আলাদা কোনো ঘর নেই। রাতে সবাই শুয়ে থাকলে ঘরের এককোণে কুপি জ্বালিয়ে পড়ত রোজিনা। বাড়িভিটের ওই ছাপরাঘর বলতে গেলেই তাদের একমাত্র সম্পত্তি। আশাহত কণ্ঠে রোজিনা বলে, ‘ডাক্তার হওয়ার ভাগ্য যদি না হয়, তবে নার্স হয়ে মানুষকে সেবা করতে চাই।’ বাবার বারণ সত্ত্বেও পড়াশোনা করেছে রাকিব: নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে রাকিব উদ্দিন। অথচ তার বাবা আলতাফ হোসেন তাকে স্কুলে যেতে দিতে চাইতেন না।আলতাফ হোসেনের রয়েছে ছোট একটি চায়ের দোকান। ওই দোকানের আয় দিয়ে চলে তাঁদের সাত সদস্যের পরিবার। লেখাপড়া করানোর মতো আর্থিক সচ্ছলতা না থাকায় ষষ্ঠ শ্রেণী পাসের পর বাবা তাকে স্কুলে যেতে কঠোরভাবে বারণ করেন। কিন্তু রাকিব স্কুলে যাওয়া বন্ধ করেনি। বন্ধুদের কাছ থেকে পুরোনো বই ধার নিয়ে লেখাপড়া চালিয়ে গেছে। নিজের চেষ্টায় ও শিক্ষকদের সহযোগিতায় অষ্টম শ্রেণীতে সে বৃত্তি পায়। পড়ার পাশাপাশি বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করত। ছেলের এসএসসির ফলাফল শুনে মা হাসিনা বেগম বলেন, ‘বাবা, তোকে আরও লেখাপড়া করতে হবে। তুই আমাদের মান-ইজ্জত রাখবি।’ শিক্ষক হয়ে শিক্ষকদের ঋণ শোধের ইচ্ছা খুর্শেদার: কেরোসিন কিনে কুপিবাতি জ্বালানোর সামর্থ্য নেই। পাশের বাড়ির বারান্দায় বিদ্যুতের আলোয় সিঁড়িতে বসে পড়েছে খুর্শেদা বেগম। আঁধার ফুঁড়ে একটু একটু করে এভাবেই আলোর দিকে তার যাত্রা। এ বছর সে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। খুর্শেদার বাবা আনোয়ার হোসেন দিনমজুর, মা ছামারুন বেগম গৃহিণী। খুর্শেদার ভাষ্য, ‘যে পরিবেশেই থাকি না কেন, আমি চেষ্টা করেছি পড়াটা চালিয়ে যেতে। বেশি সহযোগিতা পেয়েছি স্কুলের শিক্ষকদের কাছ থেকে। স্যাররা সহযোগিতা না করলে আমার পক্ষে এতদূর আসা সম্ভব হতো না।’ সে জানায়, শিক্ষকদের এই অবদান মনে রেখেই সে তার গন্তব্য ঠিক করেছে, ভবিষ্যতে একজন শিক্ষক হতে চায় খুর্শেদা। মহলাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিছুর রহমান বলেন, ‘খুবই গরিব পরিবারের মেয়ে খুর্শেদা। নিজের চেষ্টা ও আন্তরিকতায় এতটা পথ এসেছে। স্কুল থেকে যতটা সম্ভব তাকে সমর্থন ও সহযোগিতা করা যায়, করেছি।’কুপিতে তেল ছিল না, আওলাদ পড়েছে দিনের আলোয়: অভাবের সংসারে দুই বেলা পেটপুরে খেতে পারেনি। প্রায় রাতেই কুপিতে তেল থাকত না। তাই দিনের আলোতে পড়তে হয়েছে তাকে। এভাবে পড়াশোনা করেও আওলাদ হোসেন এবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।আওলাদের বাড়ি উপজেলার আলীপুর গ্রামে। বাবা মারফত আলী দিনমজুর। তাদের সহায়-সম্বল বলতে এক টুকরো ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। তিন ভাই আর এক বোনের মধ্যে আওলাদ দ্বিতীয়। আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন মিলে বছর চারেক আগে টিন দিয়ে একটি ছাপরা ঘর তুলে দেন তাদের।ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে আওলাদ। তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী বলেন, ‘দরিদ্র পরিবারের আওলাদ হোসেন জিপিএ-৫ পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে। সে অত্যন্ত মেধাবী। সে বিদ্যালয়ের কোনো পরীক্ষাতেই দ্বিতীয় হয়নি।’গ্রামের ‘রত্ন’ রুনা পড়াশোনাতেও রত্নতুল্য: ভোরে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু, রান্নাসহ মায়ের সঙ্গে সংসারের কাজ করে পড়াশোনা করা। স্কুলে যাওয়া। স্কুল থেকে ফিরে হাতের কাজ করা। বিকেলে গৃহশিক্ষকের কাজ, বাড়ির হাঁস-মুরগির দেখভাল করা। সন্ধ্যা হলে ঘরের কাজ শেষে কুপি জ্বালিয়ে পড়তে বসা। এভাবে নিরলস পরিশ্রম করে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এবার সবকটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে রুনা লাইলা। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল।সেলাইসহ রুনার হাতের কাজের প্রশংসা গ্রামজুড়ে। গরিবের ঘরে এমন গুণপনা মেয়ে দেখে গ্রামের সবাই তাকে ‘রত্ন’ বলে ডাকে।সরেজমিনে উপজেলার জোড়পুকুর গ্রামে দেখা যায়, বাঁশের বেড়ার ঘরে খড়ের ছাউনি। বিদ্যুৎ নেই। বর্ষায় ঘরের চাল দিয়ে পানি পড়ে। মা বিউটি আরা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। ছোট বোন মেরিনা খাতুন একই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ছোট ভাই সোহাগুজ্জামানের বয়স তিন।স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, রুনার মেধা ও পড়ার প্রতি আগ্রহ সবাইকে অবাক করার মতো।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আরিফ মোস্তফা, পিরোজপুর; রমেশ কুমার, নান্দাইল (ময়মনসিংহ); মানিক মজুমদার, হাতিয়া (নোয়াখালী); আকমল হোসেন, মৌলভীবাজার; সালেহ আহমদ, ধরমপাশা (সুনামগঞ্জ); তুহিন আরণ্য, মেহেরপুর]