আঁধার ভাঙার শপথ নারীদের
মানববন্ধন, শোভাযাত্রা, মেলা ও সভা-সেমিনারের মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থা ও স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে নারী-পুরুষের সমতাকে প্রাধান্য দিয়ে আঁধার ভাঙার শপথ নিয়েছেন নারীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল নয়টায় নারী দিবসের শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসন কার্যালয় থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। সেখানে বেলা ১১টায় মেলা মঞ্চে আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে বেসরকারি সংস্থা প্ল্যান বাংলাদেশের উদ্যোগে চিরিরবন্দর উপজেলায় নারীদের সাইকেল শোভাযাত্রা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নারী মেলায় পিঠা-পায়েস, হস্ত ও কুটির পণ্যের স্টল বসে।
নীলফামারী: শুক্রবার রাত ১১টার দিকে ‘আমরা পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে ‘আঁধার ভাঙার শপথ’ নেন নারীরা। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। গতকাল সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পৃথক শোভাযাত্রা করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমবেত হয়। সেখানে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নূরন্নাহার বেগমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
পঞ্চগড়: ‘অগ্রগতির মূলকথা নারী-পুরুষ সমতা’ স্লোগানে সকালে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর শহরে শোভাযাত্রা বের করে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার কর্মীরা অংশ নেন। দিবস উপলক্ষে মানববন্ধন করে পঞ্চগড় অধিকার নামে একটি সংগঠন। পঞ্চগড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি এ রহমানসহ গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
রংপুর: সকালে শহরের কাচারী বাজার এলাকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়। এরপর টাউন হল চত্বরে নারী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ। জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার প্রমুখ।