আঁধার ভাঙার শপথ নিয়ে নারী দিবসের কর্মসূচি শুরু
আঁধার ভাঙার শপথ নিয়ে গতকাল রোববার রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির সূচনা করেছেন নারীরা। পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সুলতানা কামাল, শাহীন আনাম, খুশী কবির, তালেয়া রেহমান, সারাহ কবির, লায়লা পারভীন প্রমুখ নারীনেত্রী উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।অনুষ্ঠানে সমবেত নারীরা ‘রাষ্ট্র ও পরিবারে/ সমান হবো অধিকারে’, ‘নারী পুরুষের সমতায়/ সমাজ গড়বো একতায়’, ‘সুস্থ জাতির অঙ্গীকার/ নির্যাতন মুক্ত পরিবার’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া ছিল আলোচনা ও সংগীত পরিবেশনা।সুলতানা কামাল বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।অনুষ্ঠানের শুরুতে যুগে যুগে নির্যাতিত নারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।