আঁধারে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একঝাঁক নিষ্পাপ মুখ। চোখেমুখে আলোর দ্যুতি। কোনো পাপ-পঙ্কিলতা স্পর্শ করেনি ওদের। ওরা বেড়ে উঠেছে অন্ধকার গলির মধ্যে। অনেকেরই নেই বাবার পরিচয়। মেয়েশিশুদের মায়ের পেশায় আসাই যেন নিয়তি। ছেলেশিশুরা কৈশোরেই বখাটে হয়ে পড়ে। হাতে ওঠে মাদক। পেশাগত জীবনে বেশির ভাগই হয়ে যায় শ্রমজীবী। কেউ কেউ জড়িয়ে পড়ে অপরাধকর্মে। মাদারীপুর যৌনপল্লির শিশুদের ভবিষ্যৎ এমনই তমসাচ্ছন্ন। বাবার পরিচয় না থাকায় টীকা-টিপ্পনীর ভয়ে মায়েরা আশপাশের কোনো স্কুলে শিশুদের ভর্তি করাতে পারেন না। কিন্তু তাঁরা চান, তাঁদের শিশুরা আর দশটা সাধারণ শিশুর মতো বেড়ে উঠুক। আঁধার থেকে আলোর পথে আসুক। সমাজে মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়াক। সেই চাওয়া থেকেই ‘বান্ধবী শিশু শিক্ষাকেন্দ্র’র যাত্রা শুরু। যৌনপল্লি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বছর দেড়েক আগে পল্লির বাসিন্দারা এই কেন্দ্র গড়ে তোলেন। এখানে বর্তমানে চার থেকে আট বছর বয়সী ৩০টি শিশু প্রাথমিক শিক্ষা নিচ্ছে। শিক্ষাকেন্দ্রের শিক্ষক পল্লির কয়েকজন শিক্ষিত বাসিন্দা।শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে যৌনপল্লিটি অবস্থিত। যৌনকর্মীদের ‘বান্ধবী নারী সংঘ’ নামে একটি সংগঠন রয়েছে। সংগঠনের সদস্যরা ২০০৯ সালের শুরুর দিকে প্রাথমিকভাবে স্কুলটি চালু করেন। গত ৩ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন নকীব আনুষ্ঠানিকভাবে স্কুলটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর রাজু হাওলাদার, স্থানীয় সংগঠন নোঙরের পরিচালক মাসুদ পারভেজ, বিশ্লেষণ সামাজিক আন্দোলনের সম্পাদক জহিরুল ইসলাম, আগাপে সার্ভিস বাংলাদেশের সামুয়েল এস বালা। মাদারীপুর নোঙরের পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘আজ যে শিশুকে ফুলের মতো নিষ্পাপ দেখলাম, উপযুক্ত পরিবেশ না পেলে সে হয়তো এক দিন আমারই সামনে ছুরি নিয়ে এসে দাঁড়াবে ছিনতাইয়ের জন্য। তাই আমাদেরই উচিত, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করা।’এক যৌনকর্মী জানান, এ রকম বৈরী পরিবেশে থেকেও একজন যৌনকর্মীর সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সরকারি একটি বড় পদে চাকরি করছে। অন্য এক যৌনকর্মীর সন্তান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এসব উদাহরণ স্কুলটি স্থাপনের ব্যাপারে তাঁদের উদ্বুদ্ধ করেছে। সম্প্রতি কথা হয় বান্ধবী নারী সংঘের সভানেত্রী মমতা রানী কর্মকারের সঙ্গে। তিনি বলেন, ‘এটা সবাই জানে যে শিক্ষার দরকার আছে। অন্তত টাকা-পয়সার হিসাব, নাম সই করার জন্যও প্রাথমিক শিক্ষার দরকার। কিন্তু আমাদের এখানকার শিশুরা সেই সুবিধা থেকে বঞ্চিত। আমাদের একার পক্ষে হয়তো এই প্রতিষ্ঠানটি চালানো সম্ভব হবে না।’ মমতা রানী জানান, যৌনপল্লির শিক্ষকেরা বর্তমানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে শিশুদের শিক্ষার উপকরণের অভাব রয়েছে এখানে।