আঁধারে পাতা হচ্ছে অবৈধ জাল
বরগুনার আমতলী উপজেলার পায়রা নদীতে রাতের আঁধারে নিষিদ্ধ জাল ফেলে জাটকাসহ বিভিন্ন জাতের মাছের পোনা ধরছেন একশ্রেণীর অসাধু জেলে। উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় নদীর উত্তর-দক্ষিণে প্রায় তিন কিলোমিটার-জুড়ে প্রতিদিন কয়েক শ জেলে নিষিদ্ধ বেনতি ও কারেন্ট জাল পাতছেন। এ কাজে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা তাঁদের অনুমতি দিয়েছেন বলে জেলেরা জানিয়েছেন।মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নভেম্বর থেকে মে মাস পর্যন্ত যেকোনো নদীতে ছোট ফাঁসের জাল ব্যবহার করে জাটকাসহ নয় ইঞ্চির কম দৈর্ঘ্যের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ ছাড়া ৪ দশমিক ৫ সেন্টিমিটারের ছোট ফাঁসের জাল, বিনতি, কারেন্ট, মশারি জাল, চর-গড়া প্রভৃতি জাল সব সময়ের জন্য নিষিদ্ধ।গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সরেজমিনে জয়ালভাঙ্গা এলাকায় দেখা গেছে, নদীর ওই অংশে শতাধিক বেনতি, চর-গড়া ও কারেন্ট জাল পাতা রয়েছে। এসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় সহজেই বিভিন্ন জাতের মাছের পোনা ধরা পড়ছে।জেলে হানিফ, সুলতান বয়াতি ও মিলন সিকদার জানান, পাতা জালগুলো মৎস্য আইনে অবৈধ। এগুলো দিয়ে দিনের আলোয় মাছ ধরতে সাহস পান না তাঁরা। তাই জোয়ার-ভাটার হিসাব করে রাত ১২টার দিকে তাঁরা নদীতে জাল ফেলেন এবং সূর্য ওঠার আগেই জাল তুলে নেন। জেলেরা বলেন, ‘মাছ না ধরলে মোরা সংসার চালামু কেমনে! হেই জন্য চুরি কইরা হইলেও মাছ ধরি।’উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলীতে ‘জাটকা সংরক্ষণে জেলে পুনর্বাসনের’ আওতায় দুই হাজার ৮৯০ জন ইলিশ শিকারিকে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ২৩২ মেট্রিক টন চাল সহায়তা দেওয়া হচ্ছে। পঁচাকোরালিয়া ইউনিয়নের ৪০০ জেলে এ সহায়তা পাচ্ছেন বলে মৎস্য কার্যালয় সূত্র জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জেলে জানান, রাতে এসব অবৈধ জাল পাতার অনুমতি দিয়েছেন পঁচাকোরালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর বিশ্বাস। বিনিময়ে তাঁকে মাসোহারা দিতে হয়। রাতে ওই এলাকায় অবৈধ জাল দিয়ে মাছ ধরার ঘটনা জানেন বলে স্বীকার করেছেন মজিবর। কিন্তু কাউকে মাছ ধরার অনুমতি দেওয়া বা মাসোহারা নেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।আমতলীর নতুন বাজার, তালতলী বাজার ও এ কে স্কুল বাজারের বেশ কয়েকজন খুচরা মাছ ব্যবসায়ী জানান, ওই বাজারগুলোয় প্রতিদিন জাটকা তো বিক্রি হচ্ছেই; অনেক জেলে ইলিশের দুই-তিন ইঞ্চি লম্বা পোনাও ধরে আনেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মৎস্য বিভাগের। তবে চুরি করে কিছু জেলে এভাবে মাছ ধরছে বলে শুনেছি।’ আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম ব্যক্তিগত কাজে আমতলীর বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার প্রথম আলোকে বলেন, ‘আমি বরগুনায় নতুন এসেছি। বিষয়টি জানা নেই। আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলাপ করে অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে শিগগির অভিযান চালাব।’