আঁধারে সহিংসতা, আলোতে মিছিল
রাজশাহীর হরতালে দিনের আলো ফোটার আগেই বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটছে। আর দিনের আলোয় চলছে মিছিল। পুলিশ মিছিলে বাধা না দিলে সেখানেই কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে। তারপর সারা দিনে কোথাও পিকেটারদের তেমন দেখা মেলে না।
১৮ দলের ডাকা চলমান ৮৪ ঘণ্টার হরতালে গতকাল রোববার গভীর রাতে দুটি সহিংসতার ঘটনা ঘটে। আগের হরতালগুলোতেও সহিংসতার একই ধরনের চিত্র দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জগামী বীজআলু বোঝাই একটি ট্রাক শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী নগর বাইপাস সড়কের অভয় মোড়ে (ঝিলিপাড়া) পৌঁছালে শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। তারপর তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ট্রাকের চালক আবদুল খালেক ট্রাকের মালামাল জামায়াতের এক ব্যক্তির বলে জানানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে।
রাজশাহী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই প্রায় আড়াই লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, হরতাল তাঁকে পথে বসিয়ে দিয়েছে। নিজের দলের লোকেরাই আগুন ধরিয়েছে বলে জানালে তিনি বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না ভাই, আমি পেটনীতি করি।’
নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গভীর রাতে নির্জন এলাকায় ওত পেতে থেকে জামায়াত-শিবিরের কর্মীরা এই ধরনের নাশকতা করছে। পুলিশ জানায়, এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের একটি গাড়ি শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী পবা উপজেলার কাঁটাখালী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তেরা তাতে ভাঙচুর চালায়। হামলায় গাড়িচালক আবু জাহের গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ১৮ জুলাই ভোর পাঁচটার দিকে শিবিরের কর্মীরা নগরের খড়খড়ি বাইপাস এলাকায় পণ্যবাহী চারটি ট্রাকে ব্যাপক ভাঙচুর করে। এ সময় আনারসবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। ভাঙচুর করা ট্রাকগুলোতে আগুন ধরানোর প্রস্তুতি নিলে পুলিশ এসে তাদের ধাওয়া করে। ২৭ জুন একই সময় শিবিরের কর্মীরা আমবোঝাই ট্রাকে আগুন দেয়। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মহানগর পুলিশের উপকমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, হামলাকারীরা একটা অতি ক্ষুদ্র শক্তি। তারা দিনের বেলায় কিছু করতে পারছে না। নির্জন এলাকায় সাধারণ মানুষের অগোচরে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাতে তারা এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে।