আঁশে কৃষক নিরাশ
‘বিঘি পতি (বিঘাপ্রতি) সাত মণ পাট হচ্ছে। এই সাত মণ পাট ঘরে তুলতি পিরাই নয় হাজার টাকা লাগছে। বিক্রি করি দাম পাচ্ছি সাত হাজার টাকা, দুই হাজার টাকা লস।’ কথাগুলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন মণ্ডলের।নাসির এবার ১২ বিঘা জমিতে পাট লাগিয়েছেন। কিন্তু বাজার মন্দা। পাটের দামে ধস নেমেছে। শুধু নাসির নন, শেরপুর গ্রামের মজের উদ্দিন, লালু, শহিদুলের মতো কৃষকেরা যাঁরা ১২-১৩ বিঘা জমিতে পাট লাগিয়েছেন, তাঁরা সবাই হতাশার মধ্যে আছেন। তাঁরা বলেন, পাটের ফলন ভালো। কিন্তু সেই তুলনায় দাম পাচ্ছেন না। এর মধ্যে অনেক কৃষক অন্যের জমি ইজারা নিয়ে পাট লাগিয়েছেন। জমির ইজারামূল্য পরিশোধ করতে গেলে পাটের দাম সবই চলে যাচ্ছে।কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৩৮ হাজার ২৩১ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। অধিদপ্তরের দাবি, ফলন হয়েছে বিঘাপ্রতি ১২-১৩ মণ। বর্ষা মৌসুমে কৃষকেরা নগদ অর্থের চাহিদা মেটাতে পাট চাষ করে থাকেন। রোজার পরে ঈদ। পাটের বাজার ধসের কারণে ঈদের আনন্দই কৃষকদের ফিকে হয়ে গেছে।কুষ্টিয়ার ছয় উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, খোকসা ও কুমারখালী উপজেলার বাজারগুলোতে পাটের আমদানি ভালো। তবে বেচাকেনা কম। কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা বাজারেও পাট উঠতে শুরু করেছে। তবে দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাটের দাম মণপ্রতি এক হাজার থেকে এক হাজার ১০০ টাকার মধ্যে ওঠা-নামা করছে।কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মর্ত্তজা বলেন, পাটের ফলন খুবই ভালো হয়েছে। দামের ব্যাপারে তিনি জানান, এটা পাট মন্ত্রণালয়ের ব্যাপার, কৃষি মন্ত্রণালয়ের নয়।