হরতাল-অবরোধের কারণে নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিতে পারছে না চট্টগ্রাম নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক পরীক্ষার ভিত্তিতেই ফলাফল ঘোষণা করতে হচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা ইতিমধ্যে যেসব পরীক্ষায় অংশ নিয়েছে, সেগুলোর ফলাফলই হবে তাদের উত্তীর্ণ হওয়ার মানদণ্ড। এ ব্যাপারে শিক্ষা বোর্ডের বিধান রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ১৫ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। অপর দিকে, আজ বুধবারের মধ্যে বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল ঘোষণার তাগিদ রয়েছে। কিন্তু বিরোধী দলের টানা অবরোধ এবং হরতাল কর্মসূচির কারণে বারবার পরীক্ষার সময়সূচি বদলাতে হয়েছে। বর্তমানে যেটুকু সময় হাতে রয়েছে, তাতে সব পরীক্ষা শেষ করা কঠিন হয়ে পড়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪৫টি উচ্চবিদ্যালয়ে এখনো তিনটি পরীক্ষা বাকি রয়েছে। করপোরেশনের শিক্ষা বিভাগ হরতাল-অবরোধের কারণে পরীক্ষার সূচি বারবার বদলে সর্বশেষ গত ৮ ও ৯ ডিসেম্বর নির্ধারণ করেছিল। কিন্তু একই কারণে এ দুই দিনও পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।
এ ব্যাপারে প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে, ‘আমরা চেষ্টা করব শুক্র ও শনিবারের মধ্যে পরীক্ষা নেওয়ার। আর তা না হলে আমাদের শিক্ষার্থীদের আগের পরীক্ষাগুলোর ভিত্তিতেই ফলাফল নির্ধারণ করতে হবে।’
সরকারি কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘কলেজিয়েটের পরীক্ষা শেষ। তবে তিন-চারটি সরকারি স্কুলে এখনো পরীক্ষা বাকি আছে। কোনো কারণে স্কুলগুলোতে সময়মতো পরীক্ষা নেওয়া সম্ভব না হলে আমরা প্রথম সাময়িক এবং যেসব পরীক্ষা হয়েছে সেগুলো বিবেচনা করে ফলাফল ঘোষণা করা হবে।’
চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ সূত্রে জানা যায়, স্কুলের চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ হয়নি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর হোসেন সবুর বলেন, ‘শেষ পর্যন্ত সব কয়টি পরীক্ষা নেওয়া না গেলে আমরা মূল পরীক্ষাগুলোর ভিত্তিতে ফলাফল দেব।’
চট্টগ্রাম সরকারি কলেজে উচ্চমাধ্যমিকের ছয়টি বিষয়ের নির্বাচনী পরীক্ষার মধ্যে চারটি বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। বাকিগুলো চলমান পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী চারটি প্রধান বিষয়ের ফলাফল দেখে সার্বিক ফলাফল নির্ধারণ করা হবে। চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম বলেন, ‘আমরা হরতাল-অবরোধ কর্মসূচির কারণে সকাল-বিকেল দুই বেলা করে পরীক্ষা নিয়েছি। নির্ধারিত সময়ে অপশনাল বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় মূল বিষয়গুলোর ফলাফল বিবেচনা করে ফল ঘোষণা করতে হচ্ছে।’